এমন উইকেট জীবনে দেখিনি, বললেন কোচ

উইকেটের ক্ষেত্রে ঘরের মাঠে সব দলই কম-বেশি সুবিধা নিয়ে থাকে। বিশেষ করে দ্বিপক্ষীয় সিরিজগুলোয়। এ কারণে নিজেদের উইকেটের ভালোই জানা থাকে স্বাগতিকদের। কিন্তু ভারত টেস্টে আগের দিনও ফতুল্লার উইকেট সম্পর্কে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে যা বললেন, তাতে অবাকই হতে হবে।
ফতুল্লার উইকেট একেবারেই অচেনা মনে হচ্ছে হাথুরুর, ‘এই পিচ বোঝা খুব কঠিন। এমন পিচ আগে কখনো দেখিনি। একই সঙ্গে গরমের ব্যাপারও মাথায় রাখতে হবে। এই উইকেট ফাস্ট বোলারদের জন্য স্বর্গ হবে না, এটা আপনাদের বলতে পারি। প্রচুর কাটা ঘাস রয়েছে উইকেটে। জানি না এটা কেমন আচরণ করবে। এ ধরনের উইকেট আগে কখনো দেখিনি। হয় আপনার প্রচুর ঘাস থাকবে উইকেটে, নতুবা কোনো ঘাসই থাকবে না। এটা অস্বাভাবিক। উইকেটের ওপর বেশ কাটা ঘাস রয়েছে।’
কোচ মনে করছেন টসের ওপর এর প্রভাব পড়বে, ‘এটা অবশ্যই টসের ওপর প্রভাব ফেলবে। টসে জেতা দল বড় সুবিধা পাবে। যা চাইবে তা–ই করতে পারবে। গরমটাও একটা নিয়ামক হিসেবে কাজ করছে আমাদের একাদশ তৈরিতে।’
টেস্ট জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার বিকল্প নেই। এই উইকেটে সে সাহস কোথায় পাচ্ছেন কোচ? বললেন, ‘উইকেট সম্পর্কে অনুমান করতে পারছি না। কোনো ধারণা নেই। সম্ভবত এই প্রথম উইকেট সম্পর্কে কোনো ধারণা করতে ব্যর্থ হলাম। তবুও প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া যায়, তেমনভাবেই দল গঠন করব।’
উইকেট নিয়ে বিস্ময় থাকলেও জেতার প্রত্যয় ঘোষণা করলেন কোচ, ‘সব সময়ই আমরা জেতার জন্য খেলি। আমরা বলতে পারি না, ড্রয়ের জন্য খেলব। কোনো দলের বিপক্ষেই আমাদেরও পরিকল্পনা পরিবর্তন হবে না। আমাদেরও পরিকল্পনা ম্যাচ জেতা।’
কিন্তু এই উইকেটে সেটা কতটা সম্ভব, সময় বলে দেবে।