এমন উইকেটে ভুলে ভরা ব্যাটিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৮

নিউজিল্যান্ড: ১৮ ওভারে ১৪৩/৪

ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী

কেন উইলিয়ামসনের ক্যাচটার সময় যে সৌম্য সরকার বাউন্ডারি দড়ির অনেক ভেতরে এসে দাঁড়ালেন, সেটা কি বোলার সাকিব আল হাসানের ইশারায়? সাকিবই কি বলেছিলেন, ‘একটু ভেতরে ঢুকে দাঁড়াও?’

সৌম্যের একটা বলে ইমরুল কায়েসও পরে একই কাজ করেছেন। বাউন্ডারিতে থাকলে হয়তো ক্যাচটা নিতে পারতেন। কিন্তু বেশি সামনে চলে আসায় বল উড়ে চলে গেল মাথার ওপর দিয়ে। কেন এগিয়ে গিয়েছিলেন ইমরুল?

ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ৬ উইকেটে হারের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সৌম্য আর ইমরুলের দুই অবিমৃশ্যকারিতা। বাংলাদেশ দলের প্রতিটি হারের পরই কাউকে না কাউকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। কালকের ম্যাচ শেষে সেখানে দাঁড়িয়ে সৌম্য আর ইমরুল।

সাকিবের বলে উইলিয়ামসনের প্রথম ক্যাচটা গিয়েছিল ডিপ মিড উইকেটে। কিন্তু সৌম্য একটু বেশি ভেতরে ঢুকে যাওয়ায় ক্যাচ নেওয়ার সুযোগটা হাতছাড়া করলেন। উইলিয়ামসনের রান তখন ৪৩। ইমরুলের মাথার ওপর দিয়ে বলটা ছক্কা হওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়কের রান ছিল ৬০।

সামনে এগিয়ে যাওয়ার বোকামি না করে সৌম্য প্রথমবারেই ক্যাচটা নিতে পারলে উইলিয়ামসন ৩০ রান কম করতেন। তাতে ১৪১ করেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরেকটু বাড়তে পারত। তবে এসবের চেয়েও বড় বিষয়—এই উইকেটে বাংলাদেশ ১৪১ করবে কেন?

উইকেটে বাউন্স ছিল স্বাভাবিক, ব্যাটে বল এসেছে শট খেলার প্রলোভন জাগিয়ে। সে রকম মুভমেন্টও ছিল না। কিন্তু শট নির্বাচনে বিচক্ষণতা না থাকলে এসব লাগেও না। কেউ ফুলটস বলে ক্যাচ দিয়ে আসতে চাইলে উইকেট ঘাসের হলেই কী আর সিমেন্টের হলেই কী! নিউজিল্যান্ডের দুই অভিষিক্ত খেলোয়াড় মিলে এই সুযোগে নিয়ে নিয়েছেন ৫ উইকেট। বেন হুইলার দুটি, লকি ফার্গুসন তিনটি। ফার্গুসনের প্রথম দুই উইকেট আবার সাব্বির ও সৌম্যকে পর পর ফিরিয়ে। এর আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়েছিলেন কেবল অস্ট্রেলিয়ার মাইকেল কাসপ্রোভিচ।

নিউজিল্যান্ডের বোলাররা যে খুব ভালো বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপদে ফেলেছেন, তা নয়। ব্যাটসম্যানরা নিজেদের খাদ নিজেরাই খুঁড়েছেন। অদ্ভুত সব শট আর বাজে সব আউটে ব্যাটিং স্বর্গকে তাঁরা ‘নরক’ বানিয়ে ছেড়েছেন। হতে পারে অতি ব্যাটিং সহায়ক উইকেটে তাঁরাও অতিরিক্ত রোমাঞ্চিত হয়ে পড়েছিলেন। কোচের দেওয়া ব্যাটিং পরিকল্পনার কথা সে উত্তেজনায় আর কারও মনেই থাকল না।

ইনিংসের দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির অফ স্টাম্পের বলটা লেগ সাইডে খেলতে গেলেন ওপেনার ইমরুল, কট বিহাইন্ড। তামিম হুইলারের শর্ট বলে পুল করতে গিয়ে লং লেগে ক্যাচ। সাব্বির আর মাশরাফি তো ক্যাচ তুলে দিয়েছেন ফুলটস বলেই। সৌম্যকে ফেরানো ফার্গুসনের বলটা অবশ্য ভালো ছিল। ১৪৮ কিলোমিটার গতি, আউট সুইংও ছিল কিছুটা। উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই সৌম্যের ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে গালির ফিল্ডার অ্যান্ডারসনের হাতে।

৩০ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং স্বর্গটাকে মৃত্যুকূপ মনে হওয়ার কথা বাংলাদেশের কাছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির তিক্ত স্মৃতিগুলোও নিশ্চয়ই মনে পড়ছিল তখন। আবারও যদি ৭০-৮০ রানের মধ্যে অলআউট হয়ে যায় বাংলাদেশ!

মাহমুদউল্লাহর ফর্ম ফিরে পাওয়া ইনিংসের বদৌলতে তা হয়নি। আশার প্রদীপ হয়ে তিনিই শেষ ওভার পর্যন্ত জ্বলে ছিলেন। ছয় নম্বরে নেমে তিন ছক্কা, তিন চারে ৪৭ বলে ৫২ রান। নিউজিল্যান্ডের দর্শকদেরও যথেষ্ট হাততালি পেয়েছে তাঁর ইনিংসটা। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মাত্র ৪ রান করে একটু গুটিয়ে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। খোলস ছেড়ে বের হতে খুব একটা সময় নিলেন না। সাকিবের সঙ্গে ৩৭ আর মোসাদ্দেকের সঙ্গে ৩২ রানের দুটি জুটি, আউট হয়েছেন একেবারে শেষ ওভারে।

উইকেটে তরুণ মোসাদ্দেককেও যথেষ্ট প্রত্যয়ী মনে হয়েছে। ১৭ বলে ২০ রানের ইনিংসে বিনোদনদায়ী দুই ছক্কা। প্রথমটি স্যান্টনারের ফুলটসে। পরের ওভারের প্রথম বলে ফার্গুসনকে কাভারের ওপর দিয়ে মারা দ্বিতীয় ছক্কাটিতেই বেশি আগ্রাসী অবশ্য মনে হয়েছে মোসাদ্দেককে।

নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি ব্যাটিং সহায়ক উইকেট ম্যাকলিন পার্কের ২২ গজ। ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে এই উইকেটেই সবচেয়ে বেশি রান হয়। ১৮০-২০০ রানও এখানে নিরাপদ নয় বলে জানে সবাই। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল সবই ভুল। ম্যাকলিন পার্কের উইকেটে ব্যাটিং করা আসলে খুব কঠিন।

ব্যাটিং স্বর্গ হিসেবে যে উইকেটের পরিচয়, সেখানে ৮ উইকেট হারিয়ে টেনেটুনে ১৪১! ম্যাচের ফলাফল এরপর কী হতে পারে, সেটা খেলা শেষ হওয়ার আগেই অনুমান করা গেছে। সে অনুমানকে সত্যি প্রমাণ করতে করতেই এগিয়েছে সবকিছু। পথে সৌম্য আর ইমরুলের ঘটনা দুটো আলোচনার শাখা-প্রশাখাই বাড়াচ্ছে কেবল। তবে তাতে ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢাকা পড়ার উপায় নেই।

বোলাররাও পারেননি নিউজিল্যান্ডের সামনে কোনো প্রতিরোধ গড়তে। উইলিয়ামসন বলতে গেলে একাই বের করে নিয়েছেন ম্যাচ। পঞ্চম উইকেটে তাঁর আর কলিন ডি গ্র্যান্ডহোমের ৮১ রানের জুটিতে দুই ওভার বাকি থাকতেই খেলা শেষ। ১৪ থেকে ১৬—এই তিন ওভারে একটু বেশিই গতি পেয়েছিল নিউজিল্যান্ডের রান। ৪৪ রান জমা হয়েছে এই সময়ে।

দিন শেষে সৌম্য-ইমরুলকে জনতার মঞ্চে যতই কচুকাটা করা হোক, ম্যাকলিন পার্কের উইকেটে ১৪১ রান করে জেতা কঠিন। দায়টা তাই আগে ব্যাটিংয়েরই।