এমন কিছু ভারত এর আগে দেখেছে শুধু ৩ বার
ডিসেম্বর, ১৯৬৭। এমসিজি।
এপ্রিল, ২০০৮। আহমেদাবাদ।
জানুয়ারি, ২০১২। পার্থ।
আগস্ট, ২০২১। লিডস।
চারটি টেস্টের মিল কোথায়? ভারতের জন্য বড় হতাশা উপহার দিয়ে গেছে চারটি টেস্টই। হেডিংলিতে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের পর ইতিহাস টেনে এনেছে আগের ওই তিন টেস্টও। এমসিজি, আহমেদাবাদ আর পার্থেও প্রথম ইনিংসে ভারতের স্কোর প্রতিপক্ষের ওপেনিং জুটিই পেরিয়ে গেছে। এর আগে তিনবার যা দেখেছে, হেডিংলিতে আজও তেমন কিছুই দেখল ভারত।
টস জিতে আজ আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রানেই অলআউট হয়ে গেছে বিরাট কোহলির ভারত। এরপর ইংল্যান্ডের দুই ওপেনার ররি বার্নস ও হাসিব হামিদই সেই স্কোর পেরিয়ে গেছেন। ইংল্যান্ড দিন শেষ করেছে বিনা উইকেটে ১২০ রান নিয়ে। বার্নস অপরাজিত ৫২ রানে, হামিদ ৬০ রানে। গত পাঁচ বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার টেস্টে ওপেনিং জুটিতে শতরান দেখল ইংল্যান্ড।
১৯৬৭ সালে এমসিজিতে ভারত আগে ব্যাট করে প্রথম ইনিংসে করেছিল ১৭৩। অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিল লরি ও বব সিম্পসন উদ্বোধনী জুটিতে এনে দিয়েছেন ১৯১ রান, দুজনই পেয়েছিলেন সেঞ্চুরি।
২০০৮ সালে আহমেদাবাদে ভারত অলআউট হয় ৭৬ রানে, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জির উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান।
২০১২ সালে পার্থে ভারতের প্রথম ইনিংসে স্কোর ১৬১, অস্ট্রেলিয়ার এড কাওয়ান ও ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি হলো ২১৪ রানের।
ওই তিন টেস্টের সঙ্গে ফলেও মিল থাকলে হেডিংলি টেস্টটা লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ খেলা কোহলিদের জন্য বড় ধাক্কাই হয়ে আসবে। আগের তিন টেস্টেই যে ইনিংস ব্যবধানে হেরেছিল ভারত!
এমন অবস্থায় যে প্রথম দিন শেষেই পড়েছে ভারত, সে জন্য টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত এবং এরপর অ্যান্ডারসনদের সামনে অসহায় আত্মসমর্পনই দায়ী।
ইংল্যান্ডের অন্য ভেন্যুর তুলনায় হেডিংলিতে সুইং একটু বেশিই। তবে সিরিজের তৃতীয় টেস্টে টসে জিতে কোহলি নিলেন ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত, হয়তো লর্ডসে দারুণ জয়ের আত্মবিশ্বাসে ভর করেই। অবশ্য অ্যান্ডারসনের সামনে শিগগির অসহায় হয়ে পড়ল ভারতের টপ অর্ডার।
সে ধাক্কা আর কাটিয়ে উঠতে পারল না ভারত। অলআউট হয়ে গেল ৭৮ রানে। টেস্টে ভারতের নবম সর্বনিম্ন স্কোর এটি, ইংল্যান্ডের মাটিতে ১৯৭৪ সালের পর সর্বনিম্ন। ভারতের সর্বোচ্চ স্কোর ওপেনার রোহিত শর্মার (১৯), ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরার আগে সে ইনিংসও তিনি খেলেছেন ১০৫ বলে! দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান অজিঙ্কা রাহানের। এর বাইরে কেউ দুই অঙ্কেই যেতে পারেননি।
ভারতের এমন দশার শুরুটা করে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। আউটসুইংয়ের পর ইনসুইংয়ের ফাঁদে ফেলে ইনিংসের প্রথম ওভারেই অ্যান্ডারসন ফেরালেন লোকেশ রাহুলকে। এরপর চেতেশ্বর পূজারা ফিরেছেন গুড লেংথে পড়ে সোজা হওয়া বলে খোঁচা মেরে। ফুল লেংথের বলে এরপর কোহলিকে ড্রাইভে প্রলুব্ধ করলেন অ্যান্ডারসন। ব্যাটের কানায় লেগে বল গেল বাটলারের গ্লাভসে। কোহলিকে ফিরিয়ে সে কী বুনো উল্লাস অ্যান্ডারসনের!
কোহলির পতনে ৩ উইকেটে ২১ হয়ে গেল ভারত। একমাত্র স্পেল শেষ করার পর অ্যান্ডারসনের বোলিং ফিগার ছিল এমন: ৮-৫-৬-৩! এরপর ওলি রবিনসন, ক্রেইগ ওভারটন, স্যাম কারেনের তোপে ভারতীয়দের প্রথম ইনিংসে গুটিয়ে গেল ৭৮ রানেই। দলের স্কোর ৬৭ রানে থাকার সময়ই পড়েছে ৪ উইকেট!
ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ও ক্রেইগ ওভারটান নিয়েছেন তিনটি করে উইকেট, দুটি করে উইকেট নিয়েছেন ওলি রবিনসন ও স্যাম কারেন।