এমন কিছুই ঘটবে, জানত অস্ট্রেলিয়া

বাংলাদেশের স্পিনারদের ভালোভাবে খেলতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। আউট হয়ে ফিরছেনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ইনিংসে ১০ম ওভারে আউট হন ম্যাথু ওয়েড। কিন্তু সংবাদ সম্মেলনে এলেন ঘর্মাক্ত শরীর নিয়ে। ২৩ রানে হারের প্রতিক্রিয়া?

বাংলাদেশ সমর্থকেরা এমন ভাবতে পারেন। কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়কের তেমন ভাবনার সুযোগ নেই। ওয়েড জানতেন, বাংলাদেশ সফরে তাদের জন্য এমন কিছুই অপেক্ষা করছে।

মিরপুরে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ২৩ রানে হেরেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচ হারে কিছুটা চাপে পড়ল সফরকারি দল।

বাংলাদেশের কন্ডিশন, স্পিনবান্ধব উইকেট এবং স্পিননির্ভর বোলিং আক্রমণ ওয়েডের কাছে নতুন কিছু নয়। ২০১৭ সালে অস্ট্রেলিয়া দলের সর্বশেষ বাংলাদেশ সফরে এসব ভালোই টের পেয়ে গেছেন ওয়েড। আজ হারের পর তেমন কথাই বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘আমরা জানতাম, এমন কিছুই অপেক্ষা করছে। বাংলাদেশ অনেক স্পিনার ব্যবহার করবে। আমরা আজ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি।’

প্রথম টি–টোয়েন্টি ম্যাচে দারুণ করেছেন বোলাররা
ছবি: প্রথম আলো

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩১ রান তুলেছে বাংলাদেশ। শেরেবাংলার স্পিনবান্ধব উইকেটে বল একটু থেমে এসেছে ব্যাটে। বাংলাদেশের তিন স্পিনার সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মেহেদী হাসান এর পুরো ফায়দা তুলে নেন। ১৯ রানে ৪ উইকেট নেন নাসুম। ২টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

এক মিচেল মার্শ (৪৫) ছাড়া অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেননি। প্রথম ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ওয়েড মনে করেন, এমন স্পিনবান্ধব উইকেটেও এই রান তাড়া করা সম্ভব, ‘দ্রুত ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর আমাদের ইনিংস গড়তে হতো। আমি ও মিচেল মার্শ মিলে সেই চেষ্টা করেছি। সেটা প্রত্যাশামতো হয়নি। কাল আমাদের এমন উইকেটে রান বের করার উপায় খুঁজতে হবে। যখন আপনি ১৩০ রান তাড়া করবেন, প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারালে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। শুরুতে এই ধাক্কা খাওয়াটা আমাদের কমিয়ে আনতে হবে।’

প্রথম টি–টোয়েন্টি ম্যাচে দারুণ করেছেন বোলাররা
ছবি: প্রথম আলো

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। সেখানে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার উইকেটের পার্থক্য নিয়েও কথা বললেন ওয়েড, ‘ওয়েস্ট ইন্ডিজের উইকেটেও স্পিন (বাঁক) ছিল। কিন্তু এখানে স্পিনারদের বল স্কিড করে ভেতরে ঢুকেছে, যা ওয়েস্ট ইন্ডিজে ছিল না। এখান থেকে আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’