চুক্তির মাঝখানে কোচদের পদত্যাগে বিব্রত হওয়াটাই রীতি যেকোনো ক্রিকেট বোর্ডের জন্য। আর ফাঁকা জায়গা পূরণ করতে হুট করে নতুন কাউকে তো পাওয়াও যায় না। তবে অ্যাশওয়েল প্রিন্সের চাকরি ছাড়ার ঘটনায় বুঝি উল্টোটাই ঘটল! গতকাল ই–মেইলে তাঁর পদত্যাগপত্র পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিক্রিয়ার অনুবাদ অনেকটা এ রকম—যাক, ভালোই তো হলো!
বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট অনলাইন জানায়, ‘পরিবারকে আরও বেশি সময় দিতে’ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের চাকরি ছেড়েছেন প্রিন্স। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সঙ্গে সঙ্গেই বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেছেন, ‘আমরা কিছুক্ষণ আগে অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগের ই–মেইল পেয়েছি। আলোচনার মাধ্যমে বোর্ড এখন তাঁর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
সেই ‘সিদ্ধান্ত’ বলতে অবশ্য চুক্তি অনুযায়ী টাকাপয়সা বুঝিয়ে দেওয়া ছাড়া অন্য কিছু নয়। গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। পরে তাঁর চুক্তি বাড়ানো হয় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী অক্টোবর–নভেম্বরের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু গত কয়েক দিনের আবহ একটু অন্য রকমই ছিল। প্রিন্সের পদত্যাগের সিদ্ধান্তে বিসিবি তাই বিব্রত হয়নি, বরং কিছুটা স্বস্তিই পেয়েছে।
প্রিন্স সরে যাওয়ার আগেই যে ঢাকায় এসে গেছেন তাঁর ‘বিকল্প’! হ্যাঁ, জেমি সিডন্সের কথাই বলা হচ্ছে। ব্যাটিং পরামর্শক পরিচয়ে এনে অস্ট্রেলিয়ান এই কোচকে বিসিবি এখনো কোনো দায়িত্ব বুঝিয়ে না দিলেও এটা অনুমিত ছিল যে সিডন্স জাতীয় দলের ব্যাটিং কোচই হচ্ছেন। বিমানবন্দর থেকে বিপিএলের মাঠ—গত কয়েক দিনে সর্বত্রই তিনি যে রকম সংবাদমাধ্যমের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন, তাতে এ দেশে হঠাৎ আসা কোনো ক্রিকেট আগন্তুক সিডন্সকে জাতীয় দলের সম্ভাব্য কোচই ভেবে বসতে পারেন।
বিসিবি অবশ্য এখনো তত দূর ভাবেনি। ছুটি শেষ করে ১৮–১৯ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে রাসেল ডোমিঙ্গো আফগানিস্তান সিরিজের প্রস্তুতিতে নামবেন, এটাই এখন পর্যন্ত সত্যি। তবে আফগানিস্তান সিরিজের পর প্রধান কোচের পদ নিয়েও বড় কোনো ঢেউ উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না।
প্রিন্সের পদত্যাগের আগপর্যন্ত কিছু ঢাকঢাক গুড়গুড় থাকলেও ডমিঙ্গোর প্রস্তুতি ক্যাম্পে সিডন্সের প্রবেশাধিকার এখন অনিবার্য। জাতীয় দলের সাবেক এই প্রধান কোচই হচ্ছেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ। বিসিবি সভাপতি নাজমুল হাসানও গতকাল রাতে প্রথম আলোকে বলছিলেন, ‘জেমি সিডন্সই জাতীয় দলের ব্যাটিং কোচ হবেন। আমাদের সিনিয়র ক্রিকেটাররা এবং অনেক পরিচালকও বলেছেন সিডন্স ভালো কোচ। সে জন্যই তাঁকে আনা।’
প্রিন্স নয়, আমাদের বড় ক্ষতিটা হয়ে গেছে গিবসন চলে যাওয়ায়।
প্রিন্স হঠাৎ কেন চলে গেলেন, সেই প্রসঙ্গেও বিসিবি সভাপতি অনুমিত কথাটাই বললেন, ‘সিডন্স আসার পর হয়তো তিনি (অ্যাশওয়েল প্রিন্স) ভেবেছেন, আমরা অন্য কিছু ভাবছি। তবে তিনি থাকতে পারতেন, আমরা তাকে অন্যভাবে কাজে লাগাতে পারতাম।’ সেখানেই যে আপত্তি প্রিন্সের!
বিসিবি থেকে প্রিন্সকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি যেন জাতীয় দল ছেড়ে হাইপারফরম্যান্স বা অন্য কোনো দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেন। প্রিন্স তাতে কিছুটা অসম্মানিতই বোধ করেছেন বলে খবর। আর বিসিবিও তাঁকে প্রস্তাবটা দিয়েছিল তিনি এ অবনমন মেনে নেবেন না বুঝেই।
কারণ, হাইপারফরম্যান্স দলের ব্যাটিং কোচ হিসেবে বিসিবির আনার ইচ্ছা এর আগে কাজ করে যাওয়া ইংলিশ কোচ টবি রেডফোর্ডকে। জাতীয় দলের ছায়া দল হিসেবে যে বাংলা টাইগার্স গঠনের আলোচনা চলছে, সেখানে কাজ করার কথা স্থানীয় কোচদের। এ দুই দলের কোনোটিতে প্রিন্স থাকলেও চুক্তি অনুযায়ী জাতীয় দলের ব্যাটিং কোচের বেতনটাই দিতে হতো তাঁকে। এত টাকা দিয়ে বিসিবি দ্বিতীয় বা তৃতীয় সারির কোনো দলের ব্যাটিং কোচকে কেন পুষবে? প্রিন্সকে তাই এমনই এক পদের প্রস্তাব দেওয়া হলো, যে পদে তাঁর না বসাটাই ছিল প্রত্যাশিত।
প্রিন্সের চলে যাওয়া একটা সমাধান তো দিল। বিসিবির চিন্তা এখন জাতীয় দলের কোচিং স্টাফের সারিটাকে আরও সমৃদ্ধ করা। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড থেকে নতুন ফিল্ডিং কোচ আনার দায়িত্ব দেওয়া হয়েছে জেমি সিডন্সকে। ওটিস গিবসন চলে যাওয়ার পর পেস বোলিং কোচের পদও খালি। এ পদের জন্য খোঁজা হচ্ছে নামে ভারী কাউকে। সংক্ষিপ্ত তালিকায় শন টেইট ছিলেন। তবে তাঁর আসার সম্ভাবনা বাতিল হয়ে গেছে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাবেক এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে নিজেদের পেস বোলিং কোচ ঘোষণা করায়।
বিসিবির পেস বোলিং কোচদের সম্ভাব্য তালিকায় আরও দু–একজনের সঙ্গে আছেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাসও। নতুন কারও নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত হাইপারফরম্যান্স দলের শ্রীলঙ্কান কোচ চম্পকা রমানায়েকেও অলংকৃত করতে পারেন পদটি। বিসিবি সভাপতির কথায়ও ইঙ্গিত, ‘পেস বোলিং কোচ হিসেবে আমরা এমন কাউকে খুঁজছি, যার কোনো জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। তার আগপর্যন্ত চম্পকাও কাজ করতে পারেন।’
গিবসনের সময় বাংলাদেশের পেস বোলিংয়ে উন্নতি সুস্পষ্ট। সেটা এতটাই যে অ্যাশওয়েল প্রিন্সের চলে যাওয়ার দিনেও বিসিবি সভাপতি বেদনার বিউগল বাজালেন গিবসনের জন্যই, ‘প্রিন্স নয়, আমাদের বড় ক্ষতিটা হয়ে গেছে গিবসন চলে যাওয়ায়। পেসাররা সবাই বলেছে তার কাছ থেকে ওরা অনেক কিছু শিখেছে।’
প্রিন্সের বিদায় বেলায় ব্যাটসম্যানরা কি বলবেন? নাকি জেমি সিডন্সকে স্বাগত জানাতেই অপেক্ষায় সবাই!