এমন কোণঠাসা করা বোলিংই তো চাই

অজিঙ্কা রাহানের চোখে-মুখে অবিশ্বাস। সাকিব আল হাসান এমন দুর্দান্তভাবে ক্যাচটা লুফে নেবেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। অবিশ্বাস্য দৃষ্টিতে ভারতীয় সমর্থকেরা তাকিয়ে আছেন স্কোরবোর্ডেও। সেই তাকানোতে কেমন যেন একটা অসহায়ত্ব। ১১৫ রান তুলতেই যে নেই তিন উইকেট!
টস জিতে ব্যাটিং করতে নামা ভারতের শুরুটা ভালোই হয়েছিল। ৭৫ রানের উদ্বোধনী জুটির পর ৪০ রানের ব্যবধানে তিন উইকেট নেই। শুরু থেকেই বাংলাদেশের বোলাররা লাইন-লেংন্থ মেপে বোলিং করেছেন। ফিল্ডারদের শরীরী ভাষাতেও ফুটে উঠছে আত্মবিশ্বাস। আর এই দুইয়ে মিলে ভারতকে কখনোই রানের চাকাটা গতিশীল করতে দেয়নি বাংলাদেশ। পাঁচের আশপাশেই রেখেছিল রান রেট। আর এমন কোণঠাসা বোলিংয়ের প্রাপ্তিই চাপে পড়া ভারতের ১১ ওভার ৩ বলের মধ্যে ৩ উইকেটের পতন।
এর মধ্যে ১০ থেকে ১৪—টানা পাঁচ ওভারে একটিও বাউন্ডারি দেয়নি বাংলাদেশ। ভারতের রান রেট তখন নেমে গিয়েছিল ৪ দশমিক ৫-এ। ক্রমাগত তৈরি করা এই চাপের ফসল হিসেবেই আসে প্রথম উইকেট। সাকিবকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে আউট হন টুর্নামেন্টে দুটো সেঞ্চুরি হাঁকানো শিখর ধাওয়ান। ঠিক তার পরের ওভারেই রুবেল ফিরিয়ে দেন বাংলাদেশের বিপক্ষে আগের ছয় ইনিংসের পাঁচটিতেই কমপক্ষে ফিফটি করা (দুটো সেঞ্চুরি, তিনটি ফিফটি) বিরাট কোহলিকে।
আবারও ভারতকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। টানা ৪৭ বলে কোনো বাউন্ডারি নেই। ভারতের রান রেট তখন নেমে গেছে চারের নিচে। আর এমন চাপে ফেলার ফলটা আবারও হাতেনাতে পেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট নিয়ে আলো ছড়ানো তাসকিন আহমেদ এবার অজিঙ্কা রাহানেকে বানালেন সাকিবের দারুণ এক ক্যাচ।
২৫ ওভারে, ইনিংসের ঠিক মাঝপথেও ভারতকে ১০০ তুলতে দেয়নি বাংলাদেশ। এটাও ‘পৃথিবীর সেরা ব্যাটিং লাইন আপে’র বিপক্ষে বাংলাদেশের বোলারদের বড় জয়। ৫৭ বলে প্রথম ৫০ রান তোলা ভারত পরের ৫০ রান তুলতে খরচ করেছে ৯৮ বল!
চাপটা ধরে রাখতেই হবে। ঠিক জায়গায় করতে হবে বল। ফিল্ডারদেরও বাঘের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়তে হবে। ভারতের ওপর চাপের বোঝাটা বাড়াতেই হবে। আর তাহলেই...!