এমন ছক্কার ঝড় আগে দেখেনি ভারত

এভিন লুইস একের পর এক বল সীমানার ওপারে আছড়ে ফেলছেন, আর বিরাট কোহলির হতাশায় মুখ ঢাকছেন। কাল স্যাবাইনা পার্কে এ-ই ছিল চেনা ছবি। কোহলির হতাশার কারণটা বলে দেবে রেকর্ড। ভারতের কোনো অধিনায়কই এমন এক ব্যাটসম্যানের ছক্কার বন্যায় তেমন অভ্যস্ত নয়। টি-টোয়েন্টি হোক, টেস্ট বা ওয়ানডে; ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে প্রতিপক্ষ দল হিসেবে ভারতের নাম এমনিতে নিচের দিকেই থাকে।
টেস্টে এক ইনিংসে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ছক্কা মেরেছেন শহীদ আফ্রিদি। ২০০৬ সালের সেই ইনিংসে আছে ৭টি ছক্কা। ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ২১ নম্বরে নিজেকে খুঁজে পাবেন আফ্রিদি। ছক্কার সংখ্যায় অবশ্য এটি ১৫ নম্বরে। এক ইনিংসে সাত ছক্কা যে মেরেছেন অনেকেই।
ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১১টি ছক্কা মেরেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এই রেকর্ডে এবি নিজেকে খুঁজে পাবেন ১১ নম্বরে। ছক্কা সংখ্যায় অবশ্য তিনি যৌথভাবে আছেন আটে।
টি-টোয়েন্টিতে এর আগে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারা রেকর্ডটা লুইসেরই ছিল। গত বছর ফ্লোরিডায় হাঁকিয়েছিলেন ৯ ছক্কা। কিন্তু তালিকা করা হলে লুইস থাকতেন আটে।
এ কারণে ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড টিভি পর্দায় ভেসে উঠলে প্রতিপক্ষ দলের জায়গায় ভারতের নাম খুঁজে পাওয়া যেত না।
লুইস কাল এক ইনিংসেই মারলেন এক ডজন ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুই অঙ্কের ছক্কা এর আগে মেরেছিলেন মাত্র চারজন। ক্রিস গেইল দুবার। বাকি তিনজন অ্যারন ফিঞ্চ, রিচার্ড লেভি ও কোরি অ্যান্ডারসন। সেই তালিকায় নাম লেখালেন লুইসও।
এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা | |||
ব্যাটসম্যান | ছক্কা | প্রতিপক্ষ | সাল |
অ্যারন ফিঞ্চ | ১৪ | ইংল্যান্ড | ২০১৩ |
রিচার্ড লেভি | ১৩ | নিউজিল্যান্ড | ২০১২ |
এভিন লুইস | ১২ | ভারত | ২০১৭ |
ক্রিস গেইল | ১১ | ইংল্যান্ড | ২০১৬ |
ক্রিস গেইল | ১০ | দক্ষিণ আফ্রিকা | ২০০৭ |
কোরি অ্যান্ডারসন | ১০ | বাংলাদেশ | ২০১৭ |