এমন জয় আগে দেখেনি এশিয়া

টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল ১৮৭৭ সালে। এশিয়ায় অবশ্য প্রথম টেস্ট হয় আরও পরে। ১৯৩৩ সালে। ৮৪ বছর, কম সময় তো নয়! এই দীর্ঘ ইতিহাসে একটি গর্বের রেকর্ডে আজ সবার ওপরে নিজেদের নাম নিয়ে গেল শ্রীলঙ্কা। কলম্বোয় ৩৮৮ রান তাড়া করে জিতেছে তারা ৪ উইকেটে। এশিয়ায় চতুর্থ ইনিংসে এটি সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড।
৩৮৭ থেকে ৩৮৮ মাত্র ১ রানের পার্থক্য। এই ১ রানের জন্যই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডে ভারতকে পেছনে ফেলে দিল শ্রীলঙ্কা। ২০০৮ সালের ১১ ডিসেম্বরে চেন্নাইয়ে ইংল্যান্ডের দেওয়া ৩৮৭ রানের লক্ষ্য তারা পেরিয়ে গিয়েছিল ৬ উইকেট হাতে রেখে। এশিয়ায় সেটিই ছিল সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড।
ভারতের সেই জয়টি সেরা পাঁচ থেকেও বের করে দিল শ্রীলঙ্কার এই জয়। যে তালিকায় সবার ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ সালের মে’তে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এসেছিল ৩ উইকেট হাতে রেখে ৪১৮ রান তাড়া করে জেতার সেই স্মরণীয় জয়টি।
পরের রেকর্ডটিও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত যেবার চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেল, এর ঠিক কদিন পর পার্থে ৪১৪ তাড়া করে ৬ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটের জন্য স্মরণীয় একটা মাস ছিল ২০০৮-এর ডিসেম্বর।
চতুর্থ ইনিংসে ৪০০-র বেশি তাড়া করে জেতার কীর্তি আছে আরও দুটি। এবার আর অস্ট্রেলিয়া শিকার নয়, শিকারি। ১৯৪৮ সালে হেডিংলিতে ৪০৪ তাড়া করেছিল তারা অনায়াসে। যেটি দীর্ঘ ৫৫ বছর টিকে ছিল সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডে।
সেরা পাঁচের দুই কীর্তির একটি হারালেও চারে এখনো ভারত আছে। ১৯৭৬ সালে ত্রিনিদাদ টেস্টে ৪০৩ তাড়া করে ভারত ৪ উইকেটে তুলেছিল ৪০৬।
সেই তালিকায় অসাধারণ এক জয় দিয়ে নাম লেখাল শ্রীলঙ্কা। টেস্ট অধিনায়ক হিসেবে শুরুর টেস্টেই ইতিহাস গড়লেন দিনেশ চান্ডিমাল!
চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার রেকর্ড
দল | স্কোর | লক্ষ্য | প্রতিপক্ষ | ভেন্যু | তারিখ |
ওয়েস্ট ইন্ডিজ | ৪১৮/৭ | ৪১৮ | অস্ট্রেলিয়া | অ্যান্টিগা | ৯ মে ২০০৩ |
দক্ষিণ আফ্রিকা | ৪১৪/৪ | ৪১৪ | অস্ট্রেলিয়া | পার্থ | ১৭ ডিসেম্বর ২০০৮ |
অস্ট্রেলিয়া | ৪০৪/৩ | ৪০৪ | ইংল্যান্ড | হেডিংলি | ২২ জুলাই ১৯৪৮ |
ভারত | ৪০৬/৪ | ৪০৩ | ওয়েস্ট ইন্ডিজ | ত্রিনিদাদ | ৭ এপ্রিল ১৯৭৬ |
শ্রীলঙ্কা | ৩৯১/৬ | ৩৮৮ | জিম্বাবুয়ে | কলম্বো | ১৪ জুলাই ২০১৭ |
ভারত | ৩৮৭/৪ | ৩৮৭ | ইংল্যান্ড | চেন্নাই | ১১ ডিসেম্বর ২০০৮ |