এমন দিনে খুশি জিম্বাবুয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে বোলারদের হতাশারই একটা দিন উপহার দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা l প্রথম আলো
জিম্বাবুয়ে বোলারদের হতাশারই একটা দিন উপহার দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা l প্রথম আলো

দিনটা আসলে কাদের? দিন শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসে মাহমুদউল্লাহ বলে গেলেন, তাঁরা পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে পেরেছেন। একটু পর জিম্বাবুয়ে দলের প্রতিনিধি হয়ে আসা এল্টন চিগুম্বুরারও দাবি, ‘আমি মনে করি আমাদের জন্য দিনটা খুবই ভালো কেটেছে।’
খুলনা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের মাত্র তিনটি উইকেট ফেলা গেলেও সেটাকে হতাশাজনক মনে করছেন না জিম্বাবুয়ের ওয়ানডে অধিনায়ক। তাঁর যুক্তি, উইকেট ফেলা না যাক, রান তো আটকে রাখা গেছে। ‘এই উইকেটে ওদের ওভারপ্রতি দুই রানের মধ্যে আটকে রাখাটা সাফল্যই। এটা টেস্ট ক্রিকেট। এখানে এক দিনে সাত উইকেট ফেলে দেওয়ার আশা আপনি করতে পারেন না। রান রেট কমিয়ে রাখতে পারাটা আরও উইকেট ফেলারই সম্ভাবনা তৈরি করছে’—সংবাদ সম্মেলনে বলছিলেন চিগুম্বুরা।
রান রেট কমিয়ে রাখার পাশাপাশি প্রথম দিনে যে আরও কয়েকটি উইকেট ফেলা গেল না, সে জন্য তিনি দায়ী করছেন ভাগ্যকে। নইলে সতীর্থ বোলারদের কৃতিত্বই দিচ্ছেন চিগুম্বুরা। উইকেট মাত্র তিনটি ফেলা গেলেও বাংলাদেশের রানটা তো দুই শর মধ্যে আটকে রাখা গেছে! তাঁর আশা, বোলাররা আজও একই রকম নিয়ন্ত্রিত বল করে আটকে রাখতে পারবেন বাংলাদেশের রানের চাকা। তাঁর প্রত্যাশাটা বেশি স্পিনারদের কাছেই, ‘মুশাঙ্গুয়ে বলে অনেক টার্ন পাচ্ছিল। আমার বিশ্বাস, কালকের (আজ) দিনটা স্পিনারদের জন্য দারুণ এক দিনই হবে। তারা ঠিক জায়গায় বল করলে আমরা আরও উইকেট ফেলতে পারব।’
কিন্তু বাংলাদেশের মাটি থেকে জিম্বাবুয়ের স্পিনাররা টার্ন তুলে নেবে আর বাংলাদেশের স্পিনাররা তা চেয়ে চেয়ে দেখবে, তা তো হয় না। ব্যাপারটা জানেন বলেই চিগুম্বুরা সঙ্গে যোগ করলেন, ‘এমন উইকেট পাওয়ায় বাংলাদেশই বোধ হয় বেশি খুশি।’
নিজেকে অনেকটাই খোলসের ভেতর ঢুকিয়ে ফেলা তামিম ইকবালের ব্যাটিং কিছুটা হলেও বিস্মিত করে থাকবে জিম্বাবুয়ের বোলারদের। তবে চিগুম্বুরা যেন বুঝতে পেরেছেন তামিমের ব্যাটিংটা কেন ঠিক তামিমসুলভ হলো না, ‘প্রথম টেস্টে সে ভালো খেলেনি। সে জন্যই আজ (গতকাল) অনেক বেশি সতর্ক ছিল। রান না পেলে অনেক সময় স্বভাববিরুদ্ধ খেলা খেলতে হয়। তামিম সেটাই করেছে।’