এমন ধসের শিকার আগে হয়নি ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালের সেই ওয়েলিংটন টেস্ট। ফাইল ছবি
২০০১ সালের সেই ওয়েলিংটন টেস্ট। ফাইল ছবি

৩ উইকেটে ৯৪​ ছিল ভারতের স্কোর। সেখান থেকে ১০৫ রানে অলআউট। মাত্র ১১ রানে পড়ে গেল ভারতের শেষ ৭ উইকেট। এমন ধসের মুখে আগে কখনো পড়েনি ভারত। এর আগে ১৮ রানে তাদের শেষ ৭ উইকেট পড়েছিল। সেটিও ২৭ বছর আগের ঘটনা। ১৯৯০ সালে ক্রাইস্টচার্চ টেস্টে ৩ উইকেটে ১৪৬ রান তুলে ফেলেছিল ভারত। সেখান থেকে ১৬৪ রানে অলআউট!

১৯৭৯ সালে লর্ডসে ২১ রানে শেষ ৭ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছিল তারা। সেটি অবশ্য অনেক আগের কথা। তবে অনেকেরই মনে থাকতে পারে, ২০১১ সালে আরেকটি ইংল্যান্ড সফরে ওভালে ২১ রানেই ইংল্যান্ডের শেষ ৭ ব্যাটসম্যান সাজঘরে ফিরেছিলেন।
ভারতের আজকের এমন অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশেরও। ২০১৩ সালের হারারে টেস্টে শেষ ৭ ব্যাটসম্যান স্কোরে ১১ রান জমা দিয়ে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু এর চেয়েও ভয়াবহ ধসের নজির আছে টেস্ট ক্রিকেটে। ৫ রানে শেষ ৭ ব্যাটসম্যান আউট হওয়ারই ঘটনা আছে তিনটি।
১৯৪৬ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ড এমন ধসের মুখে পড়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ারই এমন অভিজ্ঞতা হয়ে​ছিল, মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে। ২০০১ সালে নিউজিল্যান্ড আবারও ৫ রানে শেষ ৭ ব্যাটসম্যান হারায় নিজেদের মাটিতে। অকল্যান্ডে বো​লিং দল​টির নাম ছিল পাকিস্তান।
সবচেয়ে কম রানে শেষ ৭ ব্যাটসম্যান আউট হওয়ার রেকর্ড এই তিনটি। এই রেকর্ডে একটুর জন্য ‘ভাগ’ বসাতে পারেনি বাংলাদেশ। ২০০২ সালে, টেস্ট ক্রিকেটে ​হাঁটি হাঁটি পা পা করার সময়টায় ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধস নেমেছিল বাংলাদেশের ব্যাটিংয়ে। শেষ ৭ ব্যাটসম্যান আউট হয়েছেন ৭ রান এনে দিয়ে।