এমন পারফরম্যান্সের পর কী–ই বা বলবেন মাহমুদউল্লাহ
অস্ট্রেলিয়ার বিপক্ষে যা খেলল বাংলাদেশ! অধিনায়ক মাহমুদউল্লাহই–বা কী বলবেন? ম্যাচ শেষে নিয়মরক্ষার জন্য যে ব্যাপারটা থাকে, সেটিতে তাঁকে বলতেই হলো কিছু কথা। কাজটা যে কত কঠিন, সেটি মাহমুউল্লাহই ভালো বলতে পারবেন।
আত্মসমর্পণই করলেন তিনি, ‘এমন পারফরম্যান্সের পর কিছু বলা সত্যিই কঠিন। আমাদের অনেক কিছু নিয়ে কাজ করতে হবে।’ বিশ্বকাপের ঠিক আগেই অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিন্তু সেই দুই সিরিজে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে উইকেটে খেলা হয়েছিল, সেটি নিয়ে প্রশ্ন ছিল। স্পিন ধরে এমন উইকেট বানিয়েই এসেছিল সেই সিরিজ জয়। ব্যাটসম্যানরা কেউ রান পাননি। সেই দুটি সিরিজই কি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল বাংলাদেশের জন্য? মাহমুদউল্লাহ ম্যাচ শেষ করেই উইকেটের প্রসঙ্গেও কথা বললেন, ‘যে উইকেটে আমরা দেশে খেলি, সেগুলো ব্যাটিংয়ের জন্য মোটেও আদর্শ নয়। আমাদের ব্যাটিং নিয়েই বেশি কাজ করতে হবে।’
দলের ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে ব্যর্থ। টি–টোয়েন্টি ক্রিকেটে এই ‘মারতে পারা’ যে কত জরুরি, সেটি না বললেও চলছে। কিন্তু এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং ছিল চোখের জন্যই পীড়াদায়ক। মারতে পারেন না, উইকেটে টিকতেও পারেন না। পাওয়ারপ্লের ব্যাপারটি মাথায়ই থাকে না তাঁদের। মাহমুদউল্লাহ জানেন এভাবে টি–টোয়েন্টি ক্রিকেট চলে না, ‘টি–টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লেতে আপনাকে ভালো করতেই হবে। যেখানে আমাদের দলে, যাদের মারকুটে ব্যাটসম্যান বলে, এমন কেউ নেই। পাওয়ারপ্লেতে রান তুলেই সেটি পরের ওভারগুলোতে টেনে নিতে নিতে হয়। আমরা এসবের কিছুই করতে পারিনি।’
বিশ্বকাপের শুরুটাই হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। ওমান আর পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে এসে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচে জয় পেলেও পেতে পারত বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে হারটা তো ছিল হৃদয় ভেঙে দেওয়ার মতোই। তবে এর বাইরে খুবই বাজে একটা বিশ্বকাপ গেল বাংলাদেশের। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো উড়ে গেছে দল। এর সঙ্গে যোগ হয়েছিল সংবাদ সম্মেলনে এসে অপ্রয়োজনীয় কথাবার্তা আর নানা ধরনের অনাকাঙ্ক্ষিত বিতর্কের ঝাপটা।
বিশ্বকাপটা শেষ করে মাহমুদউল্লাহরা এখন হাঁপ ছেড়ে বাঁচবেন, ক্রিকেটপ্রেমীদেরও বাঁচাবেন!