এমন পেস-শক্তি আগে দেখেনি বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশপ্রীত বুমরা,ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। ছবি: টুইটার
যশপ্রীত বুমরা,ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। ছবি: টুইটার

এক সময় পেসারদের খরা ছিল ভারতে। কিন্তু এখন জাতীয় দলে পেসারদের রমরমা। সেটি এতটাই যে মোহাম্মদ শামি মনে করেন, ভারতের পেস শক্তির গভীরতা 'ইতিহাসে' এর আগে দেখা যায়নি।

ক্রিকইনফোয় ভারতের সাবেক উইকেটরক্ষক দীপ দাসগুপ্তের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন এ পেসার, 'আপনি এবং বিশ্বের বাকিরাও একমত হবেন, কোনো দলে একসঙ্গে পাঁচ পেসার নেই। শুধু এখন না, ক্রিকেটের ইতিহাসেই সম্ভবত এটা সেরা ফাস্ট বোলিংয়ের দল।'

শামি ছাড়াও ভারত জাতীয় দলে খেলছেন চার পেসার। জশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব। এদের মধ্যে বুমরা, ইশান্ত ও শামিকে একসঙ্গে খেলতে দেখা যায় বেশি। নতুন বলে কে আগে শুরু করবেন তা নিয়ে মধুর সংকটের কথাও জানিয়েছেন ২৯ বছর বয়সী এ পেসার, 'আমরা বিরাট কোহলিকে ঘিরে ধরে জিজ্ঞেস করি, সিদ্ধান্ত নাও। সে বলে, এর মধ্যে আমাকে না জড়িয়ে তোমরা সিদ্ধান্ত নাও। দলের মিটিংয়ে আমরা এমন মজাই করি।'

সত্তর ও আশির দশক মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজে পেসারদের স্বর্ণযুগ কেটেছে। অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, কলিন ক্রফটরা ছিলেন। ম্যালকম মার্শাল এলেন তারপর। ওয়েস্ট ইন্ডিজ দলের সৌজন্যে তখন 'পেস চতুষ্টয়' কথাটা জনপ্রিয় হয়েছিল। ক্যারিবিয়দের ভয়ংকর সেই পেস চতুষ্টয়কেই কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছেন বুমরা-শামিরা।