এমন 'ভূতুড়ে' ব্যাপারও আছে তাঁর জীবনে!

বাবা মিকি স্টুয়ার্ট ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন মাত্র ৮ টেস্ট। ছেলে অ্যালেক স্টুয়ার্ট বাবাকে ছাড়িয়ে অনেক দূরই গিয়েছিলেন । ইংল্যান্ডের হয়ে ১৩৩ টেস্ট খেলার সুযোগ অনেকেরই হয়নি। ৮ হাজার ৪৬৩ রান করার সৌভাগ্যও হয়নি অনেকের। বাবা নিশ্চয়ই গর্ববোধ করতেন ছেলের অর্জনে। তবে অ্যালেক স্টুয়ার্ট তাঁর ক্রিকেট ক্যারিয়ারের অর্জন ছাড়াও এমন এক কাকতালের জন্ম দিয়েছিলেন, যা ক্রিকেট ইতিহাসেরই অন্যতম আশ্চর্য এক ব্যাপার হয়ে আছে এখনো।
অ্যালেকের জন্ম ১৯৬৩ সালের ৮ এপ্রিল। অর্থাৎ ৮–৪–৬৩। খেয়াল করে দেখুন, তাঁর টেস্ট ক্যারিয়ারের মোট রানও ৮৪৬৩! এটাকে কাকতাল ছাড়া আর কী বলবেন! কেউ যদি এটিকে 'ভূতুড়ে ব্যাপার' বলতে চান, তাও বলতে পারেন।
৯ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন সারের হয়ে। ১৯৯০ সালে অভিষেক, কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়ানডে অভিষেক অবশ্য আরও কয়েকমাস আগে, ১৯৮৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, দিল্লিতে। ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে ১৩৩টি টেস্ট ছাড়াও খেলেছেন ১৭০টি ওয়ানডে। টেস্টে ৪০ গড়ে ৮ হাজার ৪৬৩ রানের পাশাপাশি ৫০ ওভারের ক্রিকেটে ৩১ গড়ে ৪ হাজার ৬৭৭ রানও খুব মন্দ নয়।
দেশের হয়ে ১৯৯২ সালের বিশ্বকাপটা প্রায় জিতেই যাচ্ছিলেন। ফাইনালে ইমরান খানের পাকিস্তানের কাছে ২২ রানে হেরে সেটি হয়নি। তবে ইংল্যান্ডকে ঘরের মাঠে ১৯৯৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন অ্যালেক স্টুয়ার্টই। খেলেছেন তিনটি বিশ্বকাপে। অ্যালেক স্টুয়ার্ট সম্পর্কে একটা মজার তথ্য হলো, তিনি সেই ক্রিকেটারদের দলেই পড়েন, যারা কোনো ডাবল সেঞ্চুরি ছাড়াই টেস্ট ক্রিকেটে এত রান করতে পেরেছিলেন।
'ব্যাটসম্যান' অ্যালেক স্টুয়ার্টের কথা বলতে গিয়ে তাঁর উইকেটরক্ষক–সত্তাকে ভুলে গেলে চলবে না। টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ৪২২টি ক্যাচ আর ২৯ স্টাম্পিং আছে তাঁর। তবে জন্মের তারিখ ও সনের সঙ্গে তাঁর টেস্ট ক্যারিয়ারের রান মিলে যাওয়াটা যেকানো বিচারেই অদ্ভুত এক ব্যাপার।
সাবেক অস্ট্রেলীয় তারকা ডিন জোনস তো রীতিমতো ধাক্কাই খেয়েছেন। বছর কয়েক আগে নিজের টুইটার হ্যান্ডলে অ্যালেক স্টুয়ার্টের জন্ম তারিখ আর টেস্ট ক্যারিয়ারের মোট রানের সংখ্যা পাশাপাশি রেখে তিনি লিখেছিলেন—‘ভূতুড়ে’!
উইজডেন ক্রিকেটারর্স অ্যালমানাকের আন্তর্জাতিক সম্পাদক স্টিভেন লিঞ্চ অ্যালেক স্টুয়ার্টের এ অদ্ভুত কাকতাল নিয়ে তাঁর এক লেখায় লিখেছিলেন, ‘খুব সম্ভবত স্টুয়ার্ট নিজেও এই কাকতাল সম্পর্কে ওয়াকিবহাল নন।’
কেন নন, সেই ব্যাখ্যাও লিঞ্চ দিয়েছিলেন, ‘অ্যালেক তাঁর আত্মজীবনীতে ৪০ বছর বয়সেও ইংল্যান্ডের হয়ে খেলতে পারার ব্যাপারে নিজের সন্তুষ্টির কথা লিখেছেন। সেখানে তিনি নিজের জন্মতারিখ নিয়ে যা বলেছেন, তাতে সেই অদ্ভুত কাকতালের কোনো উল্লেখ নেই—“আপনি যদি কোনো বিষয়ে যথেষ্ট ভালো হয়ে থাকেন, তাহলে আপনার জন্ম সনদে লেখা জন্মের তারিখটা একেবারেই অর্থহীন!”’