এমন ম্যাচও টাই!
শেষ ওভারে দরকার মাত্র ৪ রান, হাতে ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের জয় ছাড়া অন্য কিছু ভাবাটাই অবিশ্বাস্য। কিন্তু বুলাওয়েতে ত্রিদেশীয় সিরিজে সেই অবিশ্বাস্য কাজটাই করল ওয়েস্ট ইন্ডিজ, জিততে পারল না। তবে হারেওনি। শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৪ রানের বেশি করতে না পারায় ম্যাচটা দেখল রুদ্ধশ্বাস টাই। ওয়ানডের ইতিহাসে ৩৪তম টাই এটি।
অথচ শেষ ওভারে অধিনায়ক হোল্ডারের সঙ্গে ক্রিজে ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক কার্লোস ব্রাফেট। কিন্তু ডোনাল্ড তিরিপানোর প্রথম বলে হোল্ডার ১ রান নেওয়ার পরের বলেই আউট ব্রাফেট। তখনো সমীকরণ সহজ, ৪ বলে দরকার মাত্র ৩ রান। হোল্ডার পরের বলেই ম্যাচটা টাই করে ফেলতে পারতেন। কিন্তু তাঁর শটটা তিরিপানোর হাতে লেগে ভেঙে দেয় নন-স্ট্রাইকের স্টাম্প, অ্যাশলি নার্স তখন ক্রিজের বাইরে! ৩ বলে তখনো দরকার ৩ রান, হোল্ডার ক্রিজে আছেন। পরের দুই বলে এল ২, শেষ বলে আবার হোল্ডার স্ট্রাইকে। স্নায়ু ঠিক রেখে অফ স্টাম্পের বাইরে দারুণ এক বল করলেন তিরিপানো, হোল্ডার সেটা ব্যাটে লাগাতে পারতেন না। কার্টার ওপাশ থেকে ক্রিজে আসার আগেই উইকেটকিপারের থ্রো ভেঙে দিল স্টাম্প। ম্যাচ টাই, মাঠেই উৎসব করে দিলেন ক্রেমাররা।
জিম্বাবুয়ের ২৫৭ রান তাড়া করে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ সহজেই জিতবে মনে হচ্ছিল। তৃতীয় উইকেটে ক্রেগ ব্রাফেট ও শাই হোপ যোগ করেছেন ১৬২ রান। দ্বিতীয় ওয়ানডেতেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন হোপ, শেষ পর্যন্ত সেটা গেল বিফলে! ক্রিকইনফো।
সংক্ষিপ্তস্কোর
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৫৭ (আরভিন ৯২, রাজা ৭৭; কার্লোস ব্রাফেট ৪/৪৮)।
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৫৭/৮ (হোপ ১০১, ক্রেগ ব্রাফেট ৭৮; তিরিপানো ২/২৬)।
ফল: ম্যাচ টাই।
ম্যান অব দ্য ম্যাচ: শাই হোপ।