এমন শট খেলেছেন, কেপিও তার নাম জানেন না!

অদ্ভুতুরে শট খেলার জন্য কেভিন পিটারসেনের নাম-ডাক অনেক দিনের। মুত্তিয়া মুরালিধরনের বল স্বাভাবিকভাবে খেলতেই দাঁত কপাটি লেগে যেত ব্যাটসম্যানদের। আর সেই মুরালিকেই রিভার্স শটে লং অন (ডান হাতির লং অফে) ছক্কা হাঁকানোর সাহস দেখিয়েছিলেন পিটারসেন। কিন্তু বুধবার এমনই এক শট খেললেন ‘কেপি’, যে শটের নাম তিনি নিজেই জানেন না!
দক্ষিণ আফ্রিকায় র্যাম স্ল্যাম টি-টোয়েন্টি প্রতিযোগিতার এক ম্যাচেই দেখা গেল ‘কেপি’র আলোচিত শটটি। বোলার বলটি করেছিল অফ স্টাম্পের অনেক বাইরে। প্রায় ওয়াইড একটি বল তাও কোমর উচ্চতায়। সেই বলেই কি না পিটারসেন ফাইন লেগ দিয়ে ছক্কা মারলেন! এত বাইরে বল দেখেই লাফ দিয়ে অফ স্টাম্পের বাইরে চলে এলেন, ব্যাটটি চালালেন অনেকটাই মহেন্দ্র সিং ধোনির ‘হেলিকপ্টার’ শটের মতো। কিন্তু পিটারসেনের এই শটটি ছিল হেলিকপ্টার শটের চেয়েও বাড়তি কিছু। কারণ ধোনি শটটি খেলেন ফুল লেংথ বলে, বোলারের পেছনের দিকে। আর পিটারসেনের শটটি ছিল ফুলটস বলে ফাইন লেগে। ফলে ব্যাটকে শুধু বন বন করে ঘুরিয়েই কাজ হয়নি, খানিকটা চামচের মতো করেও ধরতে হয়েছিল।
এমনই এক শট যে কেপি নিজেই বুঝতে পারছেন শটটির নাম কী হওয়া উচিত। নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে তাই জিজ্ঞাসাও করে ফেললেন, ‘কী নামে ডাকা যায় এই শটটিকে? যে সেরা নামটি দিতে পারবে তাঁকে ফাইনাল ম্যাচের জার্সি দেওয়া হবে।’ পিটারসেন ভক্তরাও নেমে পড়ছেন নাম খুঁজতে। স্ন্যাপস্লাইস, কেভিনকপ্টার, দ্য ফ্লাই কাস্ট, বুমেরাং, লাইট সেবাএ, কেপি ড্রোন স্ট্রাইক—বাহারি সব নাম। কেপির সবচেয়ে ভালো লেগেছে ‘চিনুক’ নামটি। তবে, প্রতিযোগিতা শেষ হয়নি এখনো। বাহারি কোনো নাম বলে জার্সি জেতার সুযোগ তাই এখনো আছে। সূত্র: টুইটার।