শেষ বিকেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও বিরক্তিকর ব্যাটিংয়ে কম যাননি। ১১ ওভারে মাত্র ১৪ রান, পরশু ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংসকেই অনুসরণ করেছে ক্যারিবীয়দের প্রথম ইনিংস। এর আগে মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ১৪৬.৩ ওভারে ৩৭৬ রান করে পাকিস্তান। ওভারপ্রতি আড়াইয়ের সামান্য কিছু বেশি রান—সহজ উইকেটে সফরকারী দলের ব্যাটিং ছিল অতি সতর্ক, আসলে বলা উচিত বিরক্তিকর।
বিরক্তিকর এই ব্যাটিংয়ের দিনে চতুর্দশ টেস্ট সেঞ্চুরি পেয়েছেন আজহার আলী। ফিফটি পেয়েছেন বিদায়ী অধিনায়ক মিসবাহ-উল-হক। তবে পাকিস্তানের রানটা যে শেষ পর্যন্ত ৩৭৬ হলো তাতে সরফরাজ আহমেদের ‘আক্রমণাত্মক’ ফিফটিটির অবদানই বড়। ৩১১ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মিসবাহর (১৪৮ বলে ৫৯) বিদায়ের পর দেখতে না দেখতেই পাকিস্তান ৮ উইকেটে ৩২২। উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ এরপর মোহাম্মদ আব্বাসকে নিয়ে যোগ করেন ৪৫ রান। জুটিতে আব্বাসের অবদান মাত্র ৩ রান। ৭৩ বলে ৫১ রান করা সরফরাজের কণ্ঠে দিন শেষে ছিল হতাশা, ‘আমরা চাইছিলাম ৪০০ পেরোতে। কিন্তু বিকেলে কয়েকটা উইকেট হারানোতেই তা আর হলো না। আমি ইতিবাচক মনোভাব নিয়েই উইকেটে গিয়েছিলাম। চাইছিলাম বোলারদের ওপর চড়াও হয়ে রান কিছুটা বাড়িয়ে নিতে।’
প্রথম দিনে ৬৯ ওভারের বেশি খেলা হতে দেয়নি বৃষ্টি। ২ উইকেটে ১৬৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান দিনের নবম ওভারে হারায় ইউনিস খানকে। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে ইউনিস ৭৫ বলে করেছেন ১৮ রান। এরপর মিসবাহর সঙ্গে ২৮.৪ ওভারে ৬৪ রানের জুটি গড়েন আজহার। আজহার তিন অঙ্ক ছুঁয়েছেন ২৬৬ বলে, ক্যারিবীয়দের সফলতম বোলার রোস্টন চেজের অফ স্পিনে বোল্ড হওয়ার আগে করেছেন ১২৭ রান। অন্যপাশে মিসবাহ কচ্ছপগতির নয়, ছিলেন শামুকগতির ব্যাটিংয়ের বড় উদাহরণ। প্রথম
রান নিয়েছেন ২২তম বলে, দ্বিতীয় রান ৫২তম বলে। টেন ৩, ক্রিকইনফো।
সর্বশেষ
এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ১৫২। চা বিরতির ঠিক আগে ফিরে গেছেন সাই হোপ (২৯)। রোস্টন চেজ ৪১ রান নিয়ে ব্যাট করছিলেন। ইয়াসির শাহ নিয়েছেন তিনটি উইকেট।