এমন শাস্তিতে হতবাক সবাই
মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা লালমাটিয়া ক্লাব ও ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের। বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা নেই, আইনের ধারা-উপধারাতেও কিছু খুঁজে পাচ্ছেন না তাঁরা। ক্লাব কর্মকর্তাদের প্রশ্ন, বিসিবির তদন্ত কমিটি তাহলে কীভাবে এই দুই ক্লাবকে বহিষ্কারের সিদ্ধান্ত দিল? কীভাবে ১০ বছরের জন্য নিষিদ্ধ হন দুই বোলার সুজন মাহমুদ ও তাসনিম হোসেন!
দ্বিতীয় বিভাগ ক্রিকেটের দুটি ম্যাচে লালমাটিয়া ক্লাবের বোলার সুজন মাহমুদের ৪ বলে ৯২ ও ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের বোলার তাসনিম হাসানের ১.১ ওভারে ৬৯ রান দেওয়ার ঘটনায় গত ২২ এপ্রিল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কমিটির প্রধান করা হয় বিসিবির পরিচালক ও শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেলকে। কমিটির অন্য দুই সদস্য বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও আকরাম খান।
গত কয়েক দিনে একাধিক শুনানি শেষে কাল ওই দুই ঘটনায় সংশ্লিষ্টদের জন্য কঠিন শাস্তি ঘোষণা করেছেন তদন্ত কমিটির প্রধান শেখ সোহেল। অন্তত ১০ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে দুই বোলারকেই। নিষিদ্ধ করা হয়েছে তাঁদের দুই ক্লাবকেও। শাস্তি পেয়েছেন দুই দলের অধিনায়ক, কোচ, ম্যানেজার এবং দুই ম্যাচেই আম্পায়ারের দায়িত্বে থাকা আজিজুল বারী ও শামসুর রহমান।
কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে শাস্তির খবর দেখে বিস্ময় প্রকাশ করেছেন লালমাটিয়া ক্লাবের যুগ্ম সম্পাদক আদনান রহমান, ‘কোন আইনে, কী কারণে আমাদের ক্লাবকে এই শাস্তি দেওয়া হলো বুঝতে পারছি না। একেক জায়গায় একেক ধরনের খবর দেখছি। আনুষ্ঠানিকভাবে জানার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে পারছি না।’
ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হায়দারও বহিষ্কারের খবরে বিস্ময় প্রকাশ করেছেন, ‘আমাদের কমিটি ডেকেছিল, বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত, তার কিছুই আমরা জানি না। লিগের বাইলজে এ রকম কোনো ধারা আছে বলেও জানা নেই। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও আমরা কোনো সদুত্তর পাইনি।’
বিসিবির সভায় তদন্ত কমিটি গঠনের পর নিয়ম অনুযায়ী তদন্ত শেষ করে সেটা বোর্ডকেই জানানোর কথা কমিটির। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্তটা আসার কথা বোর্ড থেকে। আদনান, সালাউদ্দিন দুজনেরই প্রশ্ন—এর মধ্যে আর কোনো বোর্ড সভা অনুষ্ঠিত হয়নি। তাহলে কারা অনুমোদন করল এই শাস্তি?
রাতে পাঠানো বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে, তদন্ত কমিটির সুপারিশ অনুমোদন করেছে বোর্ড।
বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ করে দুটি ক্লাব ও তাদের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের এমন শাস্তিতে হতবাক ঢাকার ক্রিকেটের অন্যান্য ক্লাবের কর্মকর্তারাও। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বললেন, ‘যাদের কারণে এত গন্ডগোল, সেই আম্পায়ারদেরই সবচেয়ে কম শাস্তি দেওয়া হলো। অথচ সিসিডিএমের পক্ষ থেকে আম্পায়ার্স কমিটির কাছে বারবার এসব আম্পায়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।’
পরিস্থিতি যা, তাতে ঘটনা হয়তো এখানেই থামবে না। জানা গেছে, বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শাস্তির চিঠি হাতে পাওয়ার পর সেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্স কর্তৃপক্ষ।