এমন সাফল্যের উদ্যাপন হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

উপমহাদেশের সব কটি দলকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখে খুব ভালো লাগছে। এতে বোঝা যায়, খেলাটার প্রতি এ অঞ্চলের মানুষের অনুরাগ তীব্র হচ্ছে। উপমহাদেশই যে ক্রিকেট-বিকাশের গল্পটা চালিয়ে যাবে, বিশ্ব সেটির প্রমাণ পেল আরেকবার।
আমাদের এ অঞ্চলে ক্রিকেটের প্রতি যে আগ্রহ ও অনুরাগ রয়েছে, আর কোথাও এমন নেই। নিজেদের দলগুলোকে সমর্থন দিতে মানুষ কত দূরে ছুটে যায়! চারটি দলেরই কোয়ার্টার ফাইনালে ওঠা একটা বড় ব্যাপার। এ সাফল্য উদ্যাপন করা দরকার। ভক্তদের সমর্থনই আমাদের দলগুলোর সাফল্যের রহস্য।
টুর্নামেন্টের নকআউট পর্যায়ে আগ বাড়িয়ে কিছু বলা কঠিন। চাপ বেশি, ফিরে আসার সুযোগ নেই। একটা ভুলই আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে। এ পর্যায়ে যে কেউই জিততে পারে।
তবে সবকিছুই নির্ভর করছে মানসিকভাবে কে কতখানি শক্তিশালী তার ওপর। স্বাগতিক হওয়ার কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ওপরই চাপ থাকবে বেশি। সবাই চাইবে যাতে আপনারাই জেতেন। ১৯৮৭ ও ১৯৯৬ সালে আমি এমন পরিস্থিতিতেই খেলেছিলাম।
আমার বিবেচনায় আটটি সেরা দলই টিকে আছে। ইংল্যান্ড ছিটকে গেছে, দেখে মনে হতে পারে তারা এক দিনের ক্রিকেটে উৎসাহী নয়। কম করে হলেও তারা পাঁচ বছর পিছিয়ে আছে আধুনিক ওয়ানডে থেকে। এবার ইংল্যান্ডের আগেভাগেই বিদায় নেওয়া তাদের জন্য জেগে ওঠারই ডাক।
প্রথমবারের মতো বাংলাদেশ একটা দল হয়েই খেলছে। আমার মনে হয়, অধিনায়ক মাশরাফি মুর্তজা অনেক কাজ করেছে দলকে নিয়ে। সবাই তাই এককাট্টা হয়ে খেলতে পারছে। ভারতের ব্যাটিং ফর্মে আছে, বোলিংয়ে বৈচিত্র্য আছে। তবে বাংলাদেশ বেশ উদ্দীপ্ত এবং তারা কিন্তু অননুমেয় একটা দল। ভারতই ফেবারিট হয়ে নামবে, বাংলাদেশের সুযোগটা কম দেখছি।
শ্রীলঙ্কা বিপজ্জনক। শুধু বোলিংয়েই একটু দুর্বলতা আছে। তবে সাঙ্গাকারার ফর্ম অসাধারণ। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে ফেবারিট বেছে নেওয়া কঠিন।
পাকিস্তানের হারানোর কিছু নেই। প্রথম দুই ম্যাচে হারার পর তারা দারুণভাবে ফিরে এসেছে। আশা করি, সঠিক সময়েই তারা চূড়ায় উঠবে। পাকিস্তানের রান তাড়া নিয়েই আমার যত ভয়। তবে প্রথমে ব্যাট করে যদি ২৮০-৯০ করতে পারে, অস্ট্রেলিয়া চাপে পড়বে।
১৯৯২ সালেও নিউজিল্যান্ডের স্বাগতিক হওয়ার সুবিধা ছিল। তবে আমরা তাদের হারিয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচে তারাই ফেবারিট। তবে ওয়েস্ট ইন্ডিজের যেকোনো একজন তারকা জ্বলে উঠলে আবার গল্পটা ভিন্ন হবে। তাদের সমস্যা দূরদৃষ্টির ও নেতৃত্বে। আর নিউজিল্যান্ড কারও একার ওপর নির্ভর করে নেই। (টিসিএম)