এমনই তো হওয়ার কথা ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ফাইনালে অস্ট্রেলিয়ার দাপুটে জয় আর একটি ম্যাড়মেড়ে ফাইনাল দেখল ক্রিকেটপ্রেমীরা। ছবি: সামসুল হক
আবারও ফাইনালে অস্ট্রেলিয়ার দাপুটে জয় আর একটি ম্যাড়মেড়ে ফাইনাল দেখল ক্রিকেটপ্রেমীরা। ছবি: সামসুল হক

ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ-ধরনে, নিয়মে সম্পূর্ণ ভিন্ন দুটি আয়োজন। তবে দুটো খেলার সবচেয়ে বড় মঞ্চে একটি জায়গায় ভীষণ মিল। মিলটা রঙে। সে রঙের নাম হলুদ! ধরতে পেরেছেন নিশ্চয়। ফুটবল বিশ্বকাপে সাফল্যের বিচারে সবচেয়ে এগিয়ে ব্রাজিল, শিরোপা জিতেছে পাঁচবার। ক্রিকেটে পাঁচবার শিরোপা জিতে অস্ট্রেলিয়া বোঝাল, তারা ক্রিকেটের ‘ব্রাজিল’!


আজ মেলবোর্নে একপেশে ফাইনালে ৭ উইকেটে শিরোপা পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। পুনরুদ্ধার? তা-ই তো! সেই যে ১৯৯৯ সালে অস্ট্রেলীয়-রাজের শুরু। হ্যাটট্রিক শিরোপা জিতে ‘ক্লান্ত’ হয়ে কিনা মাঝে একটু ‘বিশ্রাম’ নিয়েছিল। আর সেই ‘বিশ্রামে’র সুযোগে ২৮ বছর পর শিরোপার দেখা পেল ভারত। সর্বশেষ পাঁচবারের মধ্যে চারবারই​ বিশ্বকাপ উঠল তাদের হাতে।

১১ বিশ্বকাপে সাতবারই ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে জিতেছে পাঁচবার। বেশির ভাগ ফাইনাল জিতেছে দাপটের সঙ্গে, প্রতিপক্ষকে স্রেফ গুঁড়িয়ে দিয়ে। ১৯৮৭ বিশ্বকাপ ফাইনালটাই জিততে যা একটু কষ্ট হয়েছিল অস্ট্রেলিয়ার। সেবার ইংল্যান্ডকে মাত্র ৭ রানে হারিয়েছিল তারা।
ক্রিকেট-সাম্রাজ্য-আবারও-অস্ট্রেলিয়ার 
এরপর ফাইনালে ওঠা মানেই অস্ট্রেলিয়ার দাপুটে জয়। লর্ডসে ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে মাত্র ১৩২ রানে অলআউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। মাত্র ২ উইকেট খরচ করেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। স্টিভ ওয়াহর নেতৃত্বে সেই যে অস্ট্রেলীয় দাপটের শুরু। চলল পরের দুটি বিশ্বকাপেও। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে জোহানেসবার্গে ভারতকে ১২৫ রানে হারিয়ে হলুদের দাপট অক্ষুণ্ন রাখল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ব্রিজটাউনে ২০০৭ বিশ্বকাপের ফাইনালে সেই হলুদ সমুদ্রে খাবি খেল লঙ্কানরা। শ্রীলঙ্কা হারল ৫৩ রানে।

আর এবার? কী দোর্দণ্ড প্রতাপের সঙ্গে নিউজিল্যান্ড উঠল ফাইনালে। অথচ সেই কিউদের স্রেফ উড়িয়ে ৭ উইকেটে জিতল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালের পর থেকে একটা নিয়ম দাঁড়িয়ে গিয়েছে, অস্ট্রেলিয়া ফাইনালে ওঠা মানেই একেপেশে, ম্যাড়মেড়ে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা নামা। ফাইনালকে এমন ‘নিরুত্তাপে’ পরিণত করায় সব দল এককাট্টা হয়ে ‘কাঠগড়ায়’ দাঁড় করাতে পারে অস্ট্রেলিয়াকে! অসিরা হয়তো টিপ্পনী কেটে তখন উত্তর দেবে, ‘আহ মশাই, রাগ করেন কেন? চ্যালেঞ্জ না নিতে পারলে এমনই তো হওয়ার কথা’!