এমনটাই তো চেয়েছিলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব, বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র। ছবি: শামসুল হক
সাকিব, বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র। ছবি: শামসুল হক

‘সমস্যা’টি অদ্ভুত। ‘সমস্যা’টি নতুন। ‘সমস্যা’টি মধুর। সমস্যাটি আসলে ‘সমস্যা’ নয়, সমাধান!
বেশি দিন সময় লাগেনি। অভিষেকের কিছু দিনের মধ্যেই তিনি বাংলাদেশের ক্রিকেটের বাতিঘর হয়ে উঠেছেন। যে বাতিঘর ঘোর অন্ধকার কিংবা ঝড়ের প্রলয় নাচনের মধ্যেও ভরসা জোগায়। সাকিব আল হাসান, সেই বাতিঘর। কতবার দুঃসময়ের অন্ধকারে পড়ে যাওয়া দলকে আলোতে এনেছেন। কত বিক্ষুব্ধ ঝড় সামলেছেন বুক পেতে। সামনে থেকে পথ দেখিয়েছেন সোনালি সুদিনের।
সেই সাকিব অদ্ভুত এক ‘সমস্যা’র মধ্যে পড়ে গেলেন। পাকিস্তানকে ধবল ধোলাই করল বাংলাদেশ। তিন ম্যাচই ব্যাট হাতে নেমেছেন বটে, কিন্তু স্রেফ আনুষ্ঠানিকতা সারতে। বোলিংয়ে অবশ্য নিজের কাজটা করে গেছেন, তবুও ঠিক আলোটা তাঁর ওপর পড়েনি।
এবার আলোটা ঠিকই টেনে নিলেন। বোলিংয়ে উইকেট পাননি। কিন্তু ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন। একটি মাত্র চার, সেটিও তাঁর তৃতীয় ওভারের শেষ বলে। পাকিস্তানকে ১৪১-এর মধ্যে আটকে রাখতে পালন করলেন বড় ভূমিকা। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাট হাতে বাংলাদেশ যখন শঙ্কায়, আবারও নির্ভরতা হয়ে এল তাঁর ব্যাট। ৪১ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলে, দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই ফিরলেন সাজঘরে।
বল হাতে অভিষিক্ত মুস্তাফিজ কিছুটা আলো চুরি করেছেন। ব্যাট হাতে ৩২ বলে ৫১ করে সাব্বির। ম্যাচ সেরাও তিনি। কিন্তু সত্যিকারের ম্যাচের নায়ক সাকিবই। সাব্বির ম্যাচ সেরা হওয়াতে সবচেয়ে বেশি আনন্দিত মনে হলো সাকিবকেই। এখন আর বাংলাদেশ একজনের ওপর নির্ভর করে না। এখন বাংলাদেশে ভার বয়ে নেওয়ার অনেকগুলো কাঁধ। এটাই তো চেয়ে এসেছেন সাকিব। বারবার বলে এসেছেন এই কথা। এটাই তো সেই সমস্যার অমোঘ সমাধান!
সব মিলে ক্যারিয়ারে ২১ বার ম্যাচ সেরা হয়েছেন সাকিব। ১৩ বার মাশরাফি। ১১ বার আশরাফুল। ৯ বার তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে নয়বার সিরিজ সেরা হয়েছেন সাকিব। তাঁর পরে তিনবার করে সিরিজ সেরা হয়েছেন মুশফিক-শাহরিয়ার-তামিম।
বাংলাদেশের ক্রিকেটে সাকিব আস্থার প্রতীক, নির্ভরতার সমার্থক। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি যা, পরিসংখ্যান বলছে, ভারতের ক্রিকেটের জন্য ততটা হয়ে উঠতে পারেননি খোদ টেন্ডুলকারও!
বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৩০৩টি; এর মধ্যে জিতেছে ৯১টি। আর সাকিব খেলছেন এমন ম্যাচ জিতেছে ৬৭টি। প্রায় ৯০ শতাংশ জয় এসেছে সাকিব একাদশে থাকতেই। হয়তো এভাবে তুলনা করা যায় না। হয়তো কারও কাছে যুক্তিহীনও মনে হবে। কিন্তু পরিসংখ্যান নির্মোহভাবে জানাচ্ছে, ভারত মোট ওয়ানডে জিতছে ৪৪৪টি। টেন্ডুলকার খেলছেন এমন ম্যাচে ভারতের জয় ২৩৪টি। অর্থাৎ ভারতের ৫২ শতাংশ জয় এসেছে টেন্ডুলকার একাদশে থাকতে। ওয়েস্ট ইন্ডিজ মোট ওয়ানডে জিতেছে ৩৭৩টি। লারা খেলেছেন এমন ম্যাচে জয় ১৩৮টি। ওয়েস্ট ইন্ডিজের ৩৭ শতাংশ জয় এসেছে উইন্ডিজ কিংবদন্তি একাদশে থাকতে।
অবশ্য ক্যারিবীয়দের সোনালি প্রজন্মের শেষদিকের প্রতিনিধি হওয়া লারার জেতার শতাংশ টেন্ডুলকারের তুলনায় কিছুটা কম। তবে এ ক্ষেত্রে অনেক এগিয়ে প্রোটিয়া কিংবদন্তি অলরাউন্ডার ক্যালিস। দক্ষিণ আফ্রিকা মোট ওয়ানডে জিতেছে ৩৩১টি। ক্যালিস খেলেছেন এমন ম্যাচে জয় ২০৯টি। প্রোটিয়াদের ৬৩.৫ শতাংশ জয়ের সাক্ষী ক্যালিস। সেখানে সাকিব ৯০ শতাংশ!
ক্রিকেট দলীয় খেলা। বাংলাদেশও এখন একটা দল হয়ে উঠেছে। টিম বাংলাদেশ। আর বাংলাদেশের ক্রিকেটের এই রূপ বদলের আসল কারিগর সাকিব। বাংলাদেশের কেউ র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা হতে পারে—এক সময় অভাবিত, দূরালোকের স্বপ্নটিকে সাকিবই বাস্তব করেছেন। সাকিব পারলে আমরা কেন নয়—বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই স্বপ্ন। এই সাকিবই প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরাই ফেবারিট।’ এই আত্মবিশ্বাস টনিকের মতো কাজ করেছে। বদলে গেছে খেলোয়াড়দের শরীরী ভাষা।
বাংলাদেশ দলটাও এখন অন্য রকম। এই বাংলাদেশ পাকিস্তানকে ধবল ধোলাই করলেও উদ্‌যাপনে ফেটে পড়ে না। আজ পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের (৫০টি) দিক দিয়ে পাকিস্তান এক নম্বর দল। দশও নয়, ১২ নম্বরে বাংলাদেশ! সেই পাকিস্তানকে অনায়াসে হারিয়েও তেমন কোনো উদ্‌যাপন হলো না। যেন এমনটাই হওয়ার কথা ছিল। এখন থেকে এমনটাই হবে!
সাকিব শুধু বাতিঘর নন। সাকিব বাংলাদেশের ক্রিকেটের সেই রাজপুত্র, সোনা আর রুপোর কাঠি নিয়ে এসেছেন যিনি। যে রাজপুত্রের স্পর্শে ঘুম ভেঙেছে রাজকন্যার!