এমরিট জেতালেন বরিশালকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে সিলেট সুপার স্টারসের হার আকর্ষণ কমিয়ে দিয়েছিল দিনের পরের ম্যাচটার। টসের পর সেটা গেল আরও কমে। ঢাকা ডায়নামাইটসে খেলছেন না কুমার সাঙ্গাকারা, বরিশাল বুলসে নেই ক্রিস গেইলও! বিশ্রাম দেওয়া হয়েছে দুজনকেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচটি বুঝি ক্রিকেটীয় রোমাঞ্চ বলে কিছুই থাকল না!
কে জানত, তারকায় অনুজ্জ্বল এই ম্যাচই ছড়াবে শেষ ওভারের রোমাঞ্চ! জয়ের জন্য ৬ বলে ১০ রান দরকার ছিল বরিশালের। মোহাম্মদ ইরফানের প্রথম বলেই রায়াদ এমরিটের ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে চার। পরের দুই বলে এমরিট, নিখিল দত্তের দুটি সিঙ্গেল। চতুর্থ বলে এমরিটের ব্যাট থেকে এসে গেল জয় সূচক বাউন্ডারিটাও। শুরুতে হারের শঙ্কা জাগলেও ২ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে বরিশাল।
সন্ধ্যায় মাঠে নামার আগেই ঢাকা জেনে গিয়েছিল সেমিফাইনালের চতুর্থ দল তারা। অঙ্কের হিসেবে রংপুর রাইডার্সকে টপকে দ্বিতীয় হওয়ার সুযোগ ছিল বরিশাল বুলসের। কিন্তু বাস্তবে তা এতই কঠিন ছিল যে, বরিশালও নিশ্চিত ছিল সেমিফাইনালটা তাদের তৃতীয় দল হিসেবেই খেলতে হবে। ঢাকার ১৩৬ রান তিন ওভারের মধ্যে টপকাতে পারলেই শুধু রংপুরের নেট রানরেট পেছনে ফেলা সম্ভব হতো। বরিশাল ম্যাচ জিতল ম্যাচের দুই বল বাকি থাকতে।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঢাকার ১৩৬ রানই অনেক ভারী হয়ে যাচ্ছিল বরিশালের জন্য। ওপেনার মেহেদী মারুফ (৩৭) ছাড়া শীর্ষ সাতে দুই অঙ্কের রান করা আর কোনো ব্যাটসম্যান নেই! শেষ ৫ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে দরকার ছিল ৫৬ রান। ২৮ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে সেখান থেকে একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন এমরিট। দলের ৯৪ রানে মোহাম্মদ সোহরাওয়ার্দীকে হারিয়েও বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা কানাডার নিখিল দত্তকে নিয়ে ফিরেছেন ম্যাচ জিতিয়ে।
এমরিটের ম্যাচ জেতানোর সঙ্গী নিখিল বল হাতেও ছিলেন দারুণ। ১৮ রান দিয়ে এই অফ স্পিনার ফিরিয়েছেন মোহাম্মদ হাফিজ, নাসির হোসেন ও ম্যালকম ওয়ালারকে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৩৬/৬ (মোসাদ্দেক ৩০*, হাফিজ ২৫, ডেসকাট ২২, ফরহাদ ১৯ ; নিখিল ৩/১৮, এমরিট ২/২৯, সোহাগ ১/২৭)।
বরিশাল বুলস: ১৯.৪ ওভারে ১৩৭/৮ (এমরিট ৫৪*, মারুফ ৩৭, লুইস ৯; মোশাররফ ৩/২৯, সামাদ ২/২৩, মোসাদ্দেক ১/৯, নাসির ১/২৪, ইরফান ১/৩০)।
ফল: বরিশাল ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এমরিট।