এমসিজিও কিউইদের প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশের দিকে আঙুল দিয়ে সতীর্থদের কী দেখাচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম? নাকি বলছেন, কাল আকাশ ছুঁতে হবে আমাদের! গতকাল মেলবোর্নে নিউজিল্যান্ডের অনুশীলনে l এএফপি
আকাশের দিকে আঙুল দিয়ে সতীর্থদের কী দেখাচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম? নাকি বলছেন, কাল আকাশ ছুঁতে হবে আমাদের! গতকাল মেলবোর্নে নিউজিল্যান্ডের অনুশীলনে l এএফপি

ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শুধু অস্ট্রেলিয়া নয়, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডও (এমসিজি)!
এই বিশ্বকাপে নিউজিল্যান্ড এ পর্যন্ত সব ম্যাচই খেলেছে ঘরের মাঠে। আর নিউজিল্যান্ডের মাঠগুলো ছোট। তাই আগামীকালের ফাইনালে এমসিজিকেও নিউজিল্যান্ডের প্রতিপক্ষ মনে করছেন কেউ কেউ। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন তো বলেই দিয়েছেন, ফাইনালে এমসিজির আকার বড় ঝামেলায় ফেলবে নিউজিল্যান্ডকে।
কেন ঝামেলায় পড়বে নিউজিল্যান্ড—সে ব্যাখ্যাও দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। নিজের লেখা এক কলামে জানিয়েছেন, এমসিজির আকারের কারণে নিউজিল্যান্ডের মারমুখী মনোভাবও বদলাতে হবে, ‘সেমিফাইনালে তারা যেসব বড় বড় শট খেলেছে, এমসিজিতে তার চার-তৃতীয়াংশ পথ পেরোতেই ক্যাচ হতো। বলের ওপর যেভাবে চড়াও হয়েছে, তাতে পরিবর্তন আনতে হবে।’
নিউজিল্যান্ডের ছোট মাঠে খেলে এসে অস্ট্রেলিয়ার বড় মাঠে নামলেই কিউইদের অন্য রকম লাগবে বলে মনে করেন হেইডেন, ‘সত্যি বলতে কি, ইডেন পার্কের আকারটা অদ্ভুত। এটা ক্রিকেটের মাঠ হতে পারে না। মাঠটা এতই ছোট যে লং অফ বাউন্ডারি থেকে পুরো শক্তি না লাগিয়ে থ্রো করলেও উল্টো পাশে বল নেওয়া সম্ভব।’
নিউজিল্যান্ড দলে ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিলের মতো বিস্ফোরক ব্যাটসম্যান আছেন। এই টুর্নামেন্টে দুজনের ছক্কা ১৭ ও ১৫টি। গাপটিলের ১৫ ছক্কার ১১টিই আবার ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের ইনিংসে। টুর্নামেন্টের সবচেয়ে বড় দুটি ছক্কা যদিও গাপটিলের, তার পরও হেইডেন মনে করেন, এমসিজিতে ঘরের মাঠের মতো ছয়ের ফুলঝুরি ছুটবে না কিউইদের ব্যাটিংয়ে। মেলবোর্নে নিউজিল্যান্ড সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে ২০০৯ সালে। নিউজিল্যান্ড সেটি ৬ উইকেটে জিতলেও তাদের ইনিংসে কোনো ছক্কা ছিল না!
ওয়েলিংটনের কোয়ার্টার ফাইনালে ছক্কা হয়েছে ৩০টি। ইডেন পার্কের সেমিফাইনালে ১৬টি। অথচ এমসিজিতে প্রতি ম্যাচে ছক্কা হয়েছে গড়ে ৫টি। এমসিজিতে ম্যাককালাম-গাপটিলদের বাড়তি সতর্কতার দরকার বলে মনে করছেন মহেন্দ্র সিং ধোনিও। ভারতের ক্রিকেট অধিনায়কের ভাষায়, ‘মাঠের আকার নিউজিল্যান্ডের জন্য একটা বড় ব্যাপার। অবশ্যই এর সঙ্গে মানিয়ে নিতে হবে নিউজিল্যান্ড দলকে।’

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড শিরোপা দেবে কার হাতে?
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড শিরোপা দেবে কার হাতে?

এমসিজিতে আসলেই কি ঝামেলায় পড়বে নিউজিল্যান্ড? কিউই পেসার ম্যাট হেনরি মোটেও তেমনটা ভাবছেন না, ‘আমরা বিশ্বের সব জায়গাতেই ক্রিকেট খেলেছি, কাজেই মাঠ কোনো সমস্যা হবে না। শুধু মানিয়ে নিতে হবে কন্ডিশনের সঙ্গে। আমাদের দলে এমন সব খেলোয়াড় আছে যাদের কাছে বড় মাঠ কোনো ব্যাপারই নয়। কাজেই এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই আমাদের। এটা সুন্দর একটা মাঠ, খেলাটা উপভোগ করো।’
২০০৯ সালে সর্বশেষ যে ম্যাচটি মেলবোর্নে খেলেছিল নিউজিল্যান্ড, সেই দলের সাতজন বর্তমান দলে। শুধু কাইল মিলস ছাড়া সে ম্যাচটি খেলা ব্রেন্ডন ম্যাককালাম, রস টেলর, মার্টিন গাপটিল, গ্রান্ট এলিয়ট, ড্যানিয়েল ভেট্টোরি ও টিম সাউদি খেলছেন রোববারের ফাইনালে। এমসিজিতে ৮ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ড্যানিয়েল ভেট্টোরির। ওভারপিছু গড়ে ৪.৩৯ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। তাই বড় মাঠের ধোয়া তুলে অস্ট্রেলিয়া কোনো ফায়দা নিতে পারবে বলে মনে করেন না হেনরি।
তবে হ্যাঁ, এমসিজিতে নিউজিল্যান্ড যদি কোনো কিছুর অভাব অনুভব করে সেটি হবে দর্শকে ঠাসা গ্যালারির সমর্থন। যেমনটা বলছেন কিউই কোচ মাইক হেসন, ‘সন্দেহ নেই, এমসিজিতে আমরা তাদের মিস করব। কিন্তু আমাদের কিছু সমর্থক তো থাকবেই। মাঠে নিজেদের উপস্থিতিটা তারাই সম্ভবত বুঝিয়ে দেবে।’
বোঝাই যায়, ফাইনালে আত্মবিশ্বাস নিয়েই নামবে নিউজিল্যান্ড! ক্রিকইনফো, সিডনি মর্নিং হেরাল্ড।