এমসিসির সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট মাস্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) প্রথম শিরোপা জয়ের পর জেমকন খুলনা মাস্টার্স দলের উচ্ছ্বাস। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l শামসুল হক
সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট মাস্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) প্রথম শিরোপা জয়ের পর জেমকন খুলনা মাস্টার্স দলের উচ্ছ্বাস। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l শামসুল হক

মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) শুধু সাবেকদেরই মাঠে নামায়নি, মাঠের বাইরে থেকে যাঁরা দেশের ক্রিকেটে অবদান রেখেছেন, আরেকবার সামনে নিয়ে এসেছে তাঁদেরও। মিরপুরে কাল ফাইনাল শেষে বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় অবদানের জন্য এমসিসির আয়োজকেরা সম্মাননা জানিয়েছেন তিন কোচ, দুই সংগঠক ও ছয় ক্রীড়া সাংবাদিককে।

কোচদের মধ্যে সম্মাননা পেয়েছেন সৈয়দ আলতাফ হোসেন, জালাল আহমেদ চৌধুরী ও ওসমান খান। সংগঠক হিসেবে আফজালুর রহমান সিনহা ও মাহবুবুল আনাম এবং সাংবাদিকদের মধ্যে সম্মানিত করা হয়েছে দিলু খন্দকার, উৎপল শুভ্র, আরিফুর রহমান, খন্দকার তারেক, শামসুল হক ও মীর ফরিদকে।

নেপথ্যের মানুষদের সম্মান জানিয়ে তৃপ্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আয়োজকদের একজন খালেদ মাসুদ, ‘ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত এই মানুষদের নিয়েই আমরা এত দূর এসেছি। আকরাম ভাই, দুর্জয় (নাঈমুর রহমান)...আমাদের নাম হয়তো সবাই জানেন। কিন্তু যাঁরা পেছনের মানুষ, আমার চেয়েছি তাঁদের অবদানেরও স্বীকৃতি দিতে। বাংলাদেশের ক্রিকেট এমনি এমনি এখানে আসেনি। তাঁরা চারা গাছ লাগিয়েছিলেন। সেটি আজ বড় হয়েছে, ফল দিচ্ছে। তাঁদের অবদান কখনোই ভোলার নয়।’

ভবিষ্যতেও মাস্টার্স ক্রিকেট এই ধারা অব্যাহত রাখবে বলে জানালেন খালেদ মাসুদ, ‘চেষ্টা করব প্রতিবছরই এটি করতে। খেলোয়াড় ও পৃষ্ঠপোষক থেকে আমরা যে সাড়া পেয়েছি তা খুবই ইতিবাচক। ভবিষ্যতে নতুন কিছু যোগ করারও ইচ্ছা আছে আমাদের।’