এর নাম ক্রিকেট?
সংবাদ সম্মেলনের মঞ্চে তিনজন বোর্ড পরিচালক। তবে সেখানে কাল তাঁদের পরিচয় ভিন্ন। খালেদ মাহমুদ কোয়াবের ভাইস প্রেসিডেন্ট, কালকের আয়োজনের সঞ্চালকও। নাজমুল করিম ছিলেন কলাবাগান ক্লাবের প্রতিনিধি হয়ে, শওকত আজিজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। তবে আয়োজক তিন সংগঠনের হয়ে লিখিত বক্তব্য পাঠ করলেন অন্য তিনজন। লিখিত বক্তব্য যেহেতু, যথেষ্টই গোছানো। তবে তিনজনের বক্তব্যেই বেছে বেছে যত্ন করে ঢোকানো হয়েছিল বেশ কিছু অশালীন শব্দ।
আবাহনীর প্রতিনিধি হয়ে এসেছিলেন ক্লাবের পরিচালক কাজী নাবিল আহমেদ। সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বক্তব্য রাখলেন প্রিমিয়ার ডিভিশন ক্লাব অ্যাসোসিয়েশনের হয়ে, ‘নানা সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ন্যক্কারজনক কেলেঙ্কারি ও দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত লুৎফর রহমান বাদল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন কুলাঙ্গার সংগঠক। আমরা বাদলের মতো একজন হীনম্মন্য কুলাঙ্গার ও তাঁর দল লিজেন্ডস অব রূপগঞ্জকে বাংলাদেশের ক্রীড়াজগৎ থেকে বহিষ্কার করার জন্য ক্রীড়ামন্ত্রী, উপমন্ত্রী মহোদয় ও প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। বহিষ্কার করা না হলে আমরা যেকোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।’
কোয়াবের (ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি নাঈমুর রহমান কাল দেশের বাইরে যাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন। সংবাদ সম্মেলনে ছিলেন না সাধারণ সম্পাদক দেবব্রত পালও। বক্তব্য পাঠ করলেন কোয়াবের সদস্য হান্নান সরকার। লুৎফর রহমানের বক্তব্যের পর দুই দিন আগেই একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল কোয়াব, যাতে প্রতিবাদ করা হয়েছিল অত্যন্ত মার্জিত ভাষায়, সংযমের আহ্বানও করা হয়েছিল। কিন্তু কাল হান্নানের বক্তব্যে ছিল না সংযমের লেশও, ‘কয়েক বছর ধরে একজন ঠিকানাবিহীন ক্রিকেট সংগঠক লেবাসধারী বাংলাদেশ ক্রিকেটের সুস্থ পরিবেশ নষ্ট করার পাঁয়তারায় লিপ্ত। ক্রিকেটের স্বার্থে এসব আবর্জনা এখনই স্বমূলে উৎপাটন করতে হবে।’
৪ ডিসেম্বর সংবাদমাধ্যমের সামনে লুৎফর রহমানের বক্তব্য অনেকবারই সন্দেহাতীতভাবে শালীনতার সীমা পেরিয়ে গিয়েছিল। সেই বক্তব্যের ভাষা নিয়ে সংবাদমাধ্যম ও দেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সব মহলেই সমালোচনাও হয়েছে অনেক। কিন্তু সেটার প্রতিবাদকারী পক্ষরাও যখন অশালীন ব্যানার, স্লোগান আর বক্তব্য নিয়ে হাজির হন, তখন পার্থক্যটা থাকল কোথায়? প্রশ্নটা যেন লুফে নিলেন নাজমুল করিম, ‘সংক্ষুব্ধ কোনো ক্লাব বা ক্লাব সমর্থকেরা যদি ব্যানার টানায়, স্লোগান দেয় তাহলে সেটা তারা নিজ দায়িত্বে করেছে।’
কোয়াবের বক্তব্যে লুৎফর রহমানকে ‘আবর্জনা’ বলা নিয়ে খালেদ মাহমুদের ব্যাখ্যা, ‘যে লোকটা ওই ধরনের কথা বলতে পারে, তাকে আমরা আবর্জনা বলতেই পারি। আবর্জনা বলেই একজন সাবেক অধিনায়ককে অমন কথা বলতে পারে। একসময় আবর্জনাই ছিল, এখন হয়তো অনেক টাকার মালিক হয়ে নিজেকে বড় ভাবছে।’
কদিন আগে বিকেএসপিতে এক ম্যাচ শেষে লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা তারিকুল ইসলামের ওপর হামলার চেষ্টা নিয়ে খালেদ মাহমুদ শোনালেন বাংলা চলচ্চিত্রের চিত্রনাট্যের মতো ষড়যন্ত্র-তত্ত্ব, ‘বিসিবির কোনো লোক নেই, যারা গিয়ে অমন কাণ্ড করবে। এটা মনে হয় ষড়যন্ত্রের ব্যাপার। মিরপুরে অনেক লুঙ্গি পরা লোকও খেলা দেখতে আসে। কারা করেছে ওটা বলতে পারব না। হয়তো তারা করে তারাই বিসিবির ওপর দোষ চাপাচ্ছে।’
সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যেন একজন ব্যক্তির বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের মহাযুদ্ধ। খালেদ মাহমুদ যদিও বললেন, ‘কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ব্যক্তির আচরণের বিরুদ্ধে।’ তো ব্যক্তির আচরণের বিরুদ্ধে মানে তো ব্যক্তির বিরুদ্ধেই!
এই লড়াইয়ের দর্শকেরা প্রশ্ন করতেই পারে, এসবের নাম কি ক্রিকেট!