এরপর কি বিগ ব্যাশেও?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

বল হাতে নিলেই সোনা ফলছে। আইপিএলে তাঁর কাটার, ইয়র্কার কিংবা স্লোয়ারগুলো ব্যাটসম্যানদের জন্য রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এ মুহূর্তে মুস্তাফিজুর রহমানকে বিশ্বের অন্যতম সেরা বোলার বললেও বোধ হয় খুব বেশি বাড়িয়ে বলা হয় না। অভিষেকের পর থেকেই তিনি তুমুল আলোচিত। খেলছেন এবারের আইপিএলে। চুক্তি হয়েছে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের সঙ্গেও। এখন পর্যন্ত তিনি যে গতিতে এগিয়ে চলেছেন তাতে আগামী বিগ ব্যাশে তাঁকে নিয়ে দলগুলোর মধ্যে কাড়াকাড়িই হতে পারে বলে মনে করছেন অনেকে। আর এই ধারণাটির কথা বলা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মুস্তাফিজকে দলে টানতে দলগুলোর মধ্যে ‘যুদ্ধ’ই লেগে যেতে পারে। আর তাতে সবচেয়ে এগিয়ে খুব সম্ভবত মেলবোর্ন রেনেগেডসই। কারণটাও আর কিছুই নয়—টম মুডি। আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের কোচ অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার। মুডি আবার বিগ ব্যাশ দল রেনেগেডসেরও পরিচালক। বিদেশি ক্রিকেটারদের কোটাও নাকি দলটি এখনো পূরণ করেনি। রেনেগেডস কোচ ডেভিড স্যাকারও নাকি আগ্রহী মুস্তাফিজকে দলে নিতে। গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে স্যাকার এবার চান দলের বিদেশি কোটায় একজন বোলার নিতে।
মুডির কারণে যদি মুস্তাফিজের রেনেগেডসের হয়ে খেলার সম্ভাবনা দেখা দেয়, তাহলে সিডনি সিক্সার্সেও আছেন মুস্তাফিজের আইপিএল-সতীর্থ মোজেস হেনরিকেস। হেনরিকেস আগ্রহী আগামী বিগ ব্যাশে মুস্তাফিজকে সিডনিতে নিয়ে যেতে।
মাইক হাসির কারণে মুস্তাফিজের খেলার সম্ভাবনা আছে সিডনি থান্ডার্সেও। আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে মুস্তাফিজের বেশ কয়েকটি ম্যাচেরই তিনি সাক্ষী। দলে বিদেশি কোটা খালি থাকায় তিনিও আগ্রহী হয়ে উঠতে পারেন মুস্তাফিজের প্রতি। সে ক্ষেত্রে বর্তমান চ্যাম্পিয়ন দলটির বড় তারকা জ্যাক ক্যালিসের জায়গায় চুক্তিবদ্ধ হতে পারেন মুস্তাফিজ। শুধু এই তিনটি ফ্র্যাঞ্চাইজিই নয়—অন্যরাও যেমন পার্থ, হোবার্ট, অ্যাডিলেডও যে মুস্তাফিজের জন্য মাঠে নামবে না, সেটা কে বলবে?
সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ বিগ ব্যাশে যাচ্ছেন কি না, সেটা জানতে অবশ্য অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।