এরপরেও আশার বাণী নুরুলের মুখে
>

অ্যান্টিগা টেস্টে জঘন্য খেলেছে বাংলাদেশ দল। জ্যামাইকার কিংস্টনে দ্বিতীয় টেস্টের জন্য আশার বাণী শোনালেন বাংলাদেশের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান
নিঃশর্ত আত্মসমর্পণ বলতে যা বোঝায় ঠিক তা–ই। অ্যান্টিগা টেস্ট আসলে প্রথম ইনিংসেই হেরেছে বাংলাদেশ। ৪৩ রানে অলআউট হওয়ার সেই ক্ষত বহুদিন ভোগাবে সমর্থকদের। দ্বিতীয় ইনিংসে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু ব্যাটসম্যানরা ভুল থেকে শিক্ষা নেননি। ১৪৪ রানে অলআউট হয়ে তাঁরা ঘটিয়েছেন একই ভুলের পুনরাবৃত্তি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নুরুল হাসান সোহান তা মেনে নিয়েই শোনালেন আশার বাণী।
এ ছাড়া আপাতত আর কিছুই করার নেই ক্রিকেটারদের। দুই ইনিংস মিলিয়ে ১৮৭ রান! এটা কোনো টেস্টে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দল হেরেছে এক ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে। পরিষ্কার বোঝা যাচ্ছে, এই হারে ব্যাটসম্যানদের দায় অনেক বেশি। বাংলাদেশ দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসানও তা মেনে নিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ থেকে সোহান জানিয়েছেন ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানোর চেষ্টার কথা, ‘এ ম্যাচে (অ্যান্টিগা টেস্ট) আমরা ব্যাটসম্যানরা যে ভুলগুলো করেছি, চেষ্টা করব এগুলো শুধরে ভালো কিছু করার।’
সেই ভালো কিছু করার লক্ষ্যে সাকিব আল হাসানের দল মাঠে নামবে বৃহস্পতিবার। কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে ভালো করার লক্ষ্য নিয়ে ২৪ বছর বয়সী ব্যাটসম্যানের আশার বাণী, ‘শেষ টেস্ট ম্যাচটা খুব খারাপ গেছে। ইনশা আল্লাহ, এখান থেকে যতটুকু ইতিবাচক ব্যাপার নেওয়ার দরকার, সেগুলো নিয়ে পরের টেস্টে দল হিসেবে ভালো করার চেষ্টা করব।’
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ রানের জুটিটা সোহান ও লিটনের। সেটা ষষ্ঠ উইকেটে মাত্র ১৬ রানের! দ্বিতীয় ইনিংসেও দলের সর্বোচ্চ রানের জুটির সঙ্গে জড়িয়ে আছে সোহানের নাম। ৭৪ বলে তাঁর ৬৪ রানের ইনিংসে ভর করে কোনোমতে এক শর কোটা পেরোয় বাংলাদেশ। এই ইনিংসের নবম উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন সোহান। তাঁর মতে, টপ অর্ডারে দু-একটি ভালো জুটি হলে ম্যাচের চিত্রটা পাল্টে যেত।
সে কারণেই সিরিজের দ্বিতীয় টেস্টে জুটি গড়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন সোহান। দলের ব্যাটসম্যানদের সম্পর্ক তাঁর বক্তব্য, ‘আমার কাছে মনে হয়, যদি দু-একটা ভালো জুটি হয়, তাহলে ম্যাচের চিত্রটা অন্য রকম হয়ে যাবে। আসলে আমাদের মূল লক্ষ্যটা থাকবে ব্যাটিংয়ে যেন আমরা জুটি গড়তে পারি।’
অ্যান্টিগায় প্রথম ইনিংসের নিদারুণ ব্যর্থতা নিয়ে কোনো অজুহাত দাঁড় করাননি সোহান। তাঁর ভাষায়, ‘প্রথম ইনিংসটা আমাদের অনেক খারাপ হয়েছে। দ্বিতীয় ইনিংসের শুরুতে কিছু উইকেট পড়ে যাওয়ায় আমরা ব্যাকফুটে চলে যাই। অবশ্য পুরো টেস্টেই আমরা ব্যাকফুটে ছিলাম।’ প্রথম টেস্টে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করায় সোহান কিন্তু বেশ আত্মবিশ্বাসীও, ‘প্রথম টেস্টে হয়তো কিছু বল খেলেছিলাম। এখান থেকে আত্মবিশ্বাস নিয়ে পরের টেস্টে ভালো করতে চাই।’
সোহানের এই আশার বাণী মাঠে ফলে কি না, সেটাই দেখার বিষয়।