এলগার-ডি ককে ম্লান কুমারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ডিন এলগার l এএফপি
সেঞ্চুরির পর ডিন এলগার l এএফপি

দিনের চতুর্থ বলেই স্টিভেন কুক কী মনে করে খোঁচা দিতে গেলেন, বোঝা গেল না। বোঝার চেষ্টা করতে যায়ওনি শ্রীলঙ্কা। মুফতে উইকেট পেলে কে আপত্তি করতে যায়! দক্ষিণ আফ্রিকার অধিকাংশ ব্যাটসম্যানই কাল এমন আত্মহননের পথে হেঁটে ম্যাচের লাগাম তুলে দিচ্ছিলেন সফরকারীদের হাতে। উল্টো পথে হেঁটে উদ্ধার করলেন ডিন এলগার ও কুইন্টন ডি কক। তাতেই প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান করেছে স্বাগতিক দল।

কুকের বিদায়ের পর ৬৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। কালও ফর্মে ফিরতে পারেননি হাশিম আমলা। টানা নয় ইনিংস ফিফটি ছাড়া কাটালেন র‍্যাঙ্কিংয়ে সাতে থাকা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। লাহিরু কুমারার বলে বোল্ড হওয়ার আগে কাল করেছেন ২৯ রান। কুমারার এক ওভারেই আউট হয়েছেন আমলা ও জেপি ডুমিনি। তবে ডুমিনির আউটের কৃতিত্ব পুরোটাই দুর্দান্ত ক্যাচ নেওয়া উইকেটকিপার কুশল মেন্ডিসের।

ওপেনার এলগারকে কিছুটা সঙ্গ দিয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। কিন্তু চা-বিরতির একটু আগে হেরাথের বলে যে শটে আউট হয়েছেন ডু প্লেসি, সেটা ‘আত্মহত্যার’ই অন্য নাম। কুমারার তৃতীয় শিকার হয়ে টেম্বা বাভুমাও ফিরেছেন উচ্চাভিলাষী শট খেলে। এরপরই ইনিংসের সেরা সময় পার করেছে প্রোটিয়ারা। ডি ককের আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিছুটা আস্থা পেলেন এলগার। এক প্রান্তে শ্রীলঙ্কান বোলারদের ব্যস্ত রাখলেন ডি কক, অন্য প্রান্তে নিজের ষষ্ঠ সেঞ্চুরির দিকে এগোলেন এলগার। দক্ষিণ আফ্রিকান ওপেনারের ইনিংসটা থামল ক্যারিয়ার-সেরা ১২৯ রানে, সুরাঙ্গা লাকমলের দারুণ এক ইনসুইঙ্গারে। ষষ্ঠ উইকেট জুটিতে ১০৩ রানেই দিনটা স্বস্তিতে শেষ করতে পারল দক্ষিণ আফ্রিকা। টেন ৩।