এলগার-বীরত্বের পরও পিছিয়ে প্রোটিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুটা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি দিয়ে। বছরজুড়ে আর কোনো ফিফটি নেই। দক্ষিণ আফ্রিকার সৌভাগ্য যে বছরের শেষ ম্যাচে এসে জ্বলে উঠলেন ডিন এলগার। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চরি পেলেন। শুধু সেঞ্চুরিই করেননি, আদ্যন্ত ব্যাট করে অপরাজিত থেকে যান ১১৮ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে যেটি টেস্টে আদ্যন্ত ব্যাটিংয়ের ষষ্ঠ উদাহরণ। তবে এলগারের বীরোচিত এই সেঞ্চুরিও লিড এনে দিতে পারেনি স্বাগতিক দলকে। ডারবান টেস্টের তৃতীয় দিন শেষে ২৬১ রানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
পরশু প্রোটিয়াদের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড, কাল মিডল অর্ডার শেষ করার দায়িত্ব নেন অফ স্পিনার মইন আলী। ভদ্রস্থ কোনো জুটিই গড়তে পারেনি স্বাগতিকেরা। শেষ ব্যাটসম্যান হিসেবে মরনে মরকেল যখন আউট হলেন, অপর প্রান্তে তখনো অপরাজিত এলগার। বাঁহাতি ওপেনারকে তেমন সঙ্গ দিতে পারেননি আর কেউ। প্রোটিয়াদের প্রথম ইনিংসটা শেষ তাই ২১৪ রানে, ইংল্যান্ডের ৮৯ রান পেছনে থেকে।
দিনের বাকি সময়ও হা-হুতাশ করে পার করেছেন এবি ডি ভিলিয়ার্সরা। শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন ডেল স্টেইন। ডেন পিট ২ উইকেট নিয়ে আশা জাগালেও নিক কম্পটন ও জো রুটের ক্যাচ ফেলে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছেন প্রোটিয়া ফিল্ডাররা। শেষ পর্যন্ত কম্পটন আউট হলেও বছরে ১৩তম পঞ্চাশোর্ধ্ব ইনিংসটি খেলে অপরাজিত রয়েছেন রুট। ৩ উইকেটে ১৭২ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। টেন ক্রিকেট।