এলগারের দীর্ঘ প্রতিরোধের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ প্রতিরোধ এলগারের । ছবি: এএফপি
দীর্ঘ প্রতিরোধ এলগারের । ছবি: এএফপি

ক্যাচ পড়ল চার-চারটি। চোট নিয়ে মাঠ ছেড়েছেন ট্রেন্ট বোল্ট। ডিন এলগারের দীর্ঘ প্রতিরোধ—ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে দিনটা খুব একটা ভালো যায়নি নিউজিল্যান্ডের। চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ২২৪ রান তুলে ১৯১ রানে এগিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
ডিন এলগার ৮৯ রান করেছেন ২৪৯ বলে। এই টেস্টে আরও একটি দারুণ রেকর্ড সঙ্গী হয়েছে তাঁর। দুই ইনিংস মিলিয়ে তিনি বল খেলেছেন ৫৪৮ বল। কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ বল খেলার রেকর্ড এটি। নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ বল খেলার মূল রেকর্ডটি অবশ্য নিউজিল্যান্ডের দখলে। ১৯৭৮ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে দুই ইনিংস মিলিয়ে জিওফ হাওয়ার্থ খেলেছিলেন ৬৫৭ বল। সেবার অবশ্য দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন হাওয়ার্থ। এলগারের দুঃখ দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিটা হাতছাড়া হলো একটুর জন্য।
দক্ষিণ আফ্রিকার আশার প্রতীক হয়ে আছেন ফাফ ডু প্লেসি। ৫৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক। তাঁর সঙ্গী ভারনন ফিল্যান্ডার। শীর্ষ ব্যাটসম্যানদের প্রায় সবার আউট হয়ে ফেরাটা কাল অবশ্য ডু প্লেসিকে যথেষ্ট চাপের মধ্যে রাখবে। জেপি ডুমিনি আউট হয়েছেন ৩৯ রানে। হাশিম আমলা ২৪ রানে। প্রথম ইনিংসে ফিফটি করা টেম্বা বাভুমাও আউট ৮ রানে। শেষ ৪ উইকেটে লিডটাকে যত দুর বড় করা যায় সে চেষ্টাই করবে প্রোটিয়া দল। আর নিউজিল্যান্ডের লক্ষ্য যতটা দ্রুত সম্ভব প্রোটিয়াদের গুটিয়ে দেওয়া।
কিউই বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন নিল ওয়াগনার ও জিতান প্যাটেল। ১টি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার। স্বাগতিকদের সান্ত্বনা উইকেট না পেলেও দক্ষিণ আফ্রিকাকে রানও তুলতে দেয়নি তারা। সারা দিনে মাত্র ১৮৬ রান তুলেছে সফরকারীরা।
পঞ্চম দিনে খলনায়ক হয়ে উঠতে পারে বৃষ্টি। ডানেডিনে আবহাওয়ার পূর্বাভাষে বৃষ্টির শঙ্কা শতকরা ৮০ ভাগ। সূত্র: এএফপি