‘এলিট’ আম্পায়ার রউফ এখন লাহোরে কাপড়ের দোকানদার

আসাদ রউফকে এখন এখানেই দেখা যায়ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭০টি আন্তর্জাতিক ম্যাচে তাঁকে মাঠে দেখা গেছে। আইসিসির এলিট প্যানেলে থাকা আসাদ রউফ ৪৯টি টেস্ট ছাড়াও ৯৮টি ওয়ানডে ও ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে অবসর নেওয়া এই আম্পায়ারকে এখন আর ক্রিকেটের ধারেকাছে খুঁজে পাওয়া যায় না। তিনি এখন ব্যস্ত লাহোরের লান্ডা বাজারে। ক্রিকেটের নিত্যনতুন আইন নিয়ে না ভেবে সম্ভাব্য ক্রেতার সামনে নিজের পণ্যের গুণগান করেই এখন সময় কাটে তাঁর।

আরও পড়ুন
৪৯টি টেস্টে আম্পায়ারিং করেছেন রউফ
ফাইল ছবি: এএফপি

একসময় যাঁর সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হতেন ক্রিকেটের মহাতারকারা, সেই রউফ এখন কাপড় ও জুতার দোকান দিয়েছেন। ৬৬ বছর বয়সী রউফের এ নিয়ে কোনো আক্ষেপ নেই। ক্রিকেট নিয়েই তাঁর কোনো আগ্রহ নেই। ছোট এক কাপড়ের দোকানের মালিক—এ জীবনেই এখন সন্তুষ্টি তাঁর। রউফের দর্শন, কোনো কাজ একবার ছেড়ে দিলে সেটায় আর ফিরতে নেই। এ জন্য ২০১৩ সালে আম্পায়ারিং ছেড়ে দেওয়ার পর আর ফিরে যাননি, ‘২০১৩ সাল থেকে খেলাটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই; কারণ, একবার আমি কিছু ছেড়ে দিলে, সেটা আমি একেবারেই ছাড়ি।’

আরও পড়ুন
এখন আর ক্রিকেট দেখেন না রউফ
ছবি: টুইটার

শুধু আম্পায়ারিং থেকেই যে বিদায় নিয়েছেন, এমন নয়। রউফ এখন ক্রিকেট খেলাই দেখেন না। কারণটা বেশ মজার। পাকটিভিতে সাক্ষাৎকারে যখন তাঁকে প্রশ্ন হলো—ক্রিকেট দেখেন কি না, রউফের সোজা জবাব, ‘না, আমি সারা জীবন এত ম্যাচে আম্পায়ারিং করেছি, আর কাউকে দেখার তো কিছু নেই।’

২০১৩ সালে অবসর নেওয়া রউফকে ২০১৬ সালে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আইপিএল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালের আইপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন এই পাকিস্তানি আম্পায়ার। বাজিকরদের কাছ থেকে দামি উপহার নেওয়ার বিনিময়ে ম্যাচ পাতানোর অভিযোগও উঠেছিল তাঁর বিপক্ষে।

আরও পড়ুন
এলিট প্যানেলের সদস্য ছিলেন রউফ
ফাইল ছবি: এএফপি

নিষিদ্ধ হলেও ক্যারিয়ারের সেরা সময় নাকি আইপিএলেই কাটিয়েছেন রউফ, ‘পরে যে বিষয়গুলো উঠে এসেছে, সেগুলো বাদ দিলে আইপিএলেই আমার সেরা সময় কাটিয়েছি। আর ওই সব ব্যাপারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অভিযোগগুলো বিসিসিআইয়ের পক্ষ থেকে এসেছে এবং নিজেরাই শাস্তি দিয়েছে।’

১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন। আইপিএলেও আম্পায়ারিং করেছেন ২০১৩ সাল পর্যন্ত। এমন একজনকে কেন এখন লাহোরের একটি বাজারে কাপড়ের দোকান দিতে হবে? বিশেষ করে যে বাজার কম দামি কাপড়ের জন্য বিখ্যাত? রউফ অবশ্য ব্যাপারটাকে অন্যভাবে দেখেন। জানালেন, লান্ডা বাজারে একটি কাপড় ও জুতার দোকান নেওয়ার উদ্দেশ্য ভিন্ন। কারণ, তাঁর দোকান খোলার ফলে সে দোকানে কিছু কর্মচারী কাজ করছেন এবং তাঁরা জীবিকা নির্বাহ করছেন।