এলিস পেরি জানতেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে তিনি দুর্দান্ত। অস্ট্রেলিয়ার মেয়েদের দলের হয়ে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আবার ফুটবলেও কম যান না। সেটিতেও অস্ট্রেলিয়ার মেয়েদের জাতীয় দলের হয়ে খেলেছেন বিশ্বকাপে। সব্যসাচী খেলোয়াড়টির নাম? এলিস পেরি। এখন দেখা যাচ্ছে, ২৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কন্যা চাইলে ভবিষ্যদ্বক্তাও হতে পারেন। পরশু চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি শুরুর নয় ঘণ্টা আগেই যে পেরি টুইট করেছিলেন, বাংলাদেশ জিতবে!
‘বাংলাদেশ এই ম্যাচটা জিতবে’ লেখার পাশে বিরক্তির একটা ইমোজি। এই ছিল পরশু ম্যাচটিকে নিয়ে পেরির প্রথম টুইট। বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ, বিরক্তির ইমোজিটা হয়তো সে কারণেই। তবে নিজের ভবিষ্যদ্বাণীতে দৃঢ় বিশ্বাস ছিল তাঁর। এমনকি ৩৩ রানে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ফেলার পরও লিখেছিলেন, ‘বাংলাদেশ এখনো পারবে।’
ম্যাচ শেষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পেরি। প্রশংসা করেছেন জয়ের দুই নায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকেও। আর তাঁর ভবিষ্যদ্বাণীতে শুরুতে যাঁরা বিশ্বাস করেননি, তাঁদেরও খোঁচা দিয়েছেন। বাংলাদেশ জিতবে বলে পেরির ভবিষ্যদ্বাণীর বিপরীতে একজন টুইট করেছিলেন, ‘এটা স্বপ্নেই সম্ভব।’ ম্যাচ শেষে তাঁর উদ্দেশেই পেরি লিখেছেন, ‘হেই, বেঁচে আছ?’
অবশ্য গতকাল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের আগের তাঁর ভবিষ্যদ্বাণী ফলে না গেলেই খুশি হবে বাংলাদেশ। পেরি যে অস্ট্রেলিয়ারই জয় দেখছিলেন ওই ম্যাচে। টুইটার।