এলিয়ট বোঝেন, বাংলাদেশে খেলাটা কত কঠিন

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কী তবে ক্রান্তিলগ্নে? গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারটা দেশের ভেতরে বড় ধরনের প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে প্রোটিয়া ক্রিকেটকে। কেবল বাংলাদেশের সিনিয়র জাতীয় দলের বিপক্ষে হারই নয়, মাত্র কয়েক দিনের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশের যুবদলের বিপক্ষে ঘরে-বাইরে নাকানিচুবানি খাওয়াটাকেও দেশটির ক্রীড়া সংশ্লিষ্টরা বড় ধরনের বিপর্যয় হিসেবেই দেখছেন। তবে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া নিউজিল্যান্ড ক্রিকেটার গ্র্যান্ট এলিয়ট মনে করেন, ঘরের মাটিতে বাংলাদেশ কতটা শক্তিশালী, দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স কাটাছেঁড়া করার সময় এ ব্যাপারটাও মাথায় রাখা উচিত।
বাংলাদেশ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন এলিয়ট, ‘আমি জানি বাংলাদেশে খেলাটা কত কঠিন। সেখানে ভ্রমণ করা থেকে শুরু করে ওই কন্ডিশনে খেলা—সবকিছুই কঠিন। আমি নিজে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। সেখানে জিততে আমাদের বেগ পেতে হয়েছে (এলিয়ট অবশ্য ২০১৩ সালে ওয়ানডে সিরিজে দ্বিতীয়বারের মতো ধবলধোলাই হওয়ার ব্যাপারটি এড়িয়েই গেছেন।)।
নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আসন্ন সিরিজ প্রসঙ্গেই আসলে এসব কথা বলেছেন এলিয়ট। শুক্রবার ডারবানে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এই সিরিজ। এলিয়ট অবশ্য তাঁর দল নিউজিল্যান্ডকে সাবধান করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই, ‘বাংলাদেশের চেয়ে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পূর্ণ আলাদা। মৌসুমের এই সময় নাটালের ঘাস কিন্তু অনেক সবুজ থাকে।’ এলিয়ট তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে প্রোটিয়া পেস আক্রমণের শক্তিশালী দিকটাই মনে করিয়ে দিয়েছেন তাঁর কিউই সতীর্থদের। সূত্র: সুপারস্পোর্ট।