এশিয়ান গেমস ক্রিকেট: শঙ্কা থেকেই যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না একেবারেই। ২০১৪ সালটা কেন যেন ব্যর্থতার ডালি সাজিয়েই এসেছে এ দেশের ক্রিকেটের জন্য। বছরের শুরু থেকে এখন অবধি ক্রিকেট এ দেশের মানুষকে উপহার দিয়ে যাচ্ছে কেবল হতাশা আর আক্ষেপই। এ বছর এখন পর্যন্ত আসেনি কোনো ওয়ানডে জয়, টেস্টের সফলতা তো অনেক দূরের ব্যাপার। আফগানিস্তান ও হংকংয়ের মতো দলও এ বছর বাংলাদেশকে এ​ দেশে এসেই হারিয়ে গেছে। ব্যর্থতা আর হতাশার এমন অন্ধকার সময়ে বাংলাদেশ যাচ্ছে ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে। লক্ষ্য আর কিছুই নয়, গতবারের সাফল্য ধরে রেখে ক্রিকেটে আবারও প্রাণসঞ্চার। ব্যর্থতায় নুইয়ে পড়া ক্রিকেটকে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর রসদ জোগানো।

এশিয়ান গেমস নিয়ে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা সিরিয়াস, সেটা বোঝা যাচ্ছে সদ্য ঘোষিত দলটা দেখেই। এই দলে আছেন ওয়েস্ট ইন্ডিজ সফররত জাতীয় দলের ১০ ক্রিকেটার। বিয়ে-সংক্রান্ত কারণে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ইনচন যেতে না পারায় মাশরাফি বিন মুর্তজার ওপর বর্তেছে এশিয়াড ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। নিষেধাজ্ঞা কাটিয়ে এশিয়াড দলে আছেন দলের প্রাণ, সাকিব আল হাসান। মুশফিক থাকলে এই দলকে ‘জাতীয় দল’ হিসেবে আখ্যা দিয়ে দেওয়া যেত নির্দ্বিধায়ই।

ভারত কেন যেন এশিয়াডে ক্রিকেট দল পাঠাতে উৎসাহী নয়। ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত ক্রিকেট অপাঙক্তেয় ছিল ভারতীয়দের কাছে। এবারও এশিয়াড ক্রিকেটে নেই ভারত। গতবার পাকিস্তান ছিল, কিন্তু এবার পাকিস্তানিরা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পদাঙ্কই অনুসরণ করছে। এবার ইনচনে নেই পাকিস্তানি ক্রিকেট দল। তবে এশিয়ান গেমস বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে যথেষ্টই গুরুত্বের। জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়কে এশিয়ান গেমসে নিয়ে গিয়ে বাংলাদেশ যদি তৃপ্তির ঢেঁকুর তোলে, তাহলে ভুলই হবে। গতবারের ব্যর্থতা মুছতে এবার এশিয়াডে কোমর-কষেই নামছে শ্রীলঙ্কা। বাংলাদেশের মতো প্রায়-জাতীয় দল না হলেও যথেষ্ট শক্তিশালী দল নিয়েই ইনচন আসবে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই দলে থাকছেন লাহিরু থিরিমান্নে, উপুল থারাঙ্গা, কিথুরুয়ান ভিতানাগে, দীনেশ চান্দিমাল, আশান প্রিয়াঞ্জন ও জীবন মেন্ডিসের মতো খেলোয়াড়েরা।

এশিয়ান গেমস ক্রিকেটে মূল প্রতিদ্বন্দ্বিতাটা যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেই হবে, এই দুই দলই খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে। কিন্তু কোয়ার্টার ফাইনালের অপর দুই দল হংকং ও আফগানিস্তান একটু হলেও বুকে কাঁপন ধরিয়ে যাবে বাংলাদেশের। এ বছরই এই দুটো দলই যে বাংলাদেশকে হারিয়ে গেছে এ দেশের মাটিতেই। তাই প্রায়-জাতীয় দল নিয়ে গিয়েও এশিয়ান গেমসে সাফল্যটা কোনোমতেই নিশ্চিত নয় বাংলাদেশের। সবকিছু ছেড়ে দিন। বাংলাদেশ ফাইনালে খেলবে ধরে নিলেও সেখানেও কিন্তু স্বস্তি নেই। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা থাকবে সেখানে। এ বছর বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, তাতে ভারত-পাকিস্তানহীন এশিয়াড ক্রিকেটও ক্রিকেটপ্রেমীদের যথেষ্ট স্নায়ুচাপে রাখবে—এ কথা বলে দেওয়াই যায়।

এশিয়ান গেমস ক্রিকেটের জন্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, নাসির হোসেন, শামসুর রহমান, আরাফাত সানী, মুকতার আলী, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ।