এশিয়া কাপে তামিমের জায়গায় ইমরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের চূড়ান্ত দল দেওয়ার শেষ দিন আগামীকাল। তবে বাংলাদেশের দলটা এরই মধ্যে চূড়ান্ত বলে জানা গেছে। বোর্ড সভাপতির অনুমোদন পেলে আজকালের মধ্যেই ঘোষিত হবে ১৫ সদস্যের দল।
এর আগে নির্বাচক কমিটিই জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে এশিয়া কাপে সম্ভাব্য পরিবর্তন হতে পারে একটি। ওপেনার তামিম ইকবালের জায়গায় আসতে পারেন ইমরুল কায়েস। কাল তা একরকম নিশ্চিতই হয়ে গেছে। পিএসএল খেলে দুবাই থেকে দেশে ফিরেই তামিম চলে যাবেন ব্যাংককে। প্রথম সন্তানের জন্ম উপলক্ষে স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছে ছুটি চেয়েছেন তিনি। সে জন্যই দলে নেওয়া হচ্ছে বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই থাকা ইমরুলকে।
বিসিবি সূত্রে অবশ্য জানা গেছে, শেষ দিকে এসে হলেও এশিয়া কাপের দু-একটি ম্যাচ খেলতে চেয়েছিলেন তামিম। ছুটির আবেদনেও নাকি জানিয়েছেন, বিসিবি চাইলে সন্তান জন্মের পর পরবর্তী ফ্লাইটেই ফিরে আসতে পারেন দেশে। কিন্তু এ রকম অনিশ্চিত পরিস্থিতিতে তাঁকে দলে রাখতে রাজি হননি কোচ হাথুরুসিংহে।
ইমরুল টি-টোয়েন্টিতে অতটা উজ্জ্বল নন। সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৫৩। তবে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন এই বাঁহাতি ওপেনার। টি-টোয়েন্টির এশিয়া কাপ দলে আসা সেটারই পুরস্কার।