এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: টুইটার
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: টুইটার

এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬৩ রানে অলআউট হয়ে ৬ উইকেটে হেরেছে রুমানারা। তবে ঘুরে দাঁড়াতে একদমই সময় নেয়নি তারা। আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে তারা।

এশিয়া কাপ টি-টোয়েন্টির আজকের ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় লাগেনি বোলারদের। পঞ্চম ওভারে তিন বলের মধ্যে ফিরে যান পাকিস্তানের দুই ওপেনার। নাহিদা আকতারের জোড়া ধাক্কা পাকিস্তান সামাল দিয়েছে ধীরলয়ের ঝুঁকিহীন ব্যাটিংয়ে।

পঞ্চাশ ছুঁতেই তাই ১০ ওভার পেরিয়ে যায় পাকিস্তানের। এরপরই ধস পাকিস্তান ইনিংসে। সেট হয়ে যাওয়া দুই ব্যাটার বিসমা মারুফ (১১) ও জাভেরিয়া খানকে (১৮) ফেরান ফাহিমা খাতুন ও সালমা খাতুন। ছয়ে নামা কাইনাত ইমতিয়াজকেও (৩) যখন রুমানা আহমেদ ফেরালেন পাকিস্তান তখন রীতিমতো কাঁপছে। ১২ ওভার শেষ হওয়ার আগেই পাকিস্তান তখন ৫ উইকেটে ৫৭!

নিদা দার (১৭) ও সানা মীর (২১) মিলে এরপর আর কোনো উইকেট পরতে দেননি। কিন্তু ব্যাটিংটা টি-টোয়েন্টির মেজাজ অনুযায়ীও করতে পারেননি। পাকিস্তানও থেমে যায় মাত্র ৯৫ রানেই।

বাংলাদেশের শুরুটাও অবশ্য ভালো হয়নি। সপ্তম ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল সালমা খাতুনের দল। ১২ বলে ৫ রান করেন আয়েশা রহমান। ৮ বলে ২ রান করেন ফারজানা হক।

এরপরই দলের হাল ধরেন শামীমা সুলতানা ও নিগার সুলতানা। ঠিক টি-টোয়েন্টি মেজাজে না খেললেও দলের প্রয়োজন বুঝে খেলছেন দুজনই। ৩ চারে ৩৩ বলে ৩১ রান করে ফেরেন শামীমা। দল তখনো জয় থেকে ৩৫ রান দূরে। হাতে ছিল ৪৪ বল।

তবে বাংলাদেশ দলকে অতটা সময় অপেক্ষায় রাখেননি ফাহিমা খাতুন। ১৯ বলে ২৩ রান করে দলকে ১৩ বল আগেই জয় এনে দিয়েছেন। হয়েছেন ম্যাচ সেরাও। অন্যপ্রান্তে ৩৫ বলে ৩১ রান নিয়ে অপরাজিত ছিলেন নিগার। তাঁর ইনিংসে ছিল ৩ চার।

আগামী ৬ জুন ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।