এশিয়া কাপের বাছাইপর্ব ফতুল্লায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের মূল পর্ব শুরু আগামী ২৪ ফেব্রুয়ারি। এই পর্বের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তার আগে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাছাইপর্বের খেলাগুলো হবে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে।
বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার শীর্ষ চার সহযোগী দেশ ওমান, আফগানিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। আর বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল মূল পর্বে যোগ দেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে।
এশিয়া কাপের চেহারা এবার আগেই বদলে দেওয়া হয়েছে। সামনে টি-টেয়েন্টি বিশ্বকাপ বলে টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টির। সত্যি বলতে কি, এন শ্রীনিবাসন থাকতেই আইসিসির সভায় যে সিদ্ধান্ত হয়ে আছে, তাতে টুর্নামেন্টটার নির্দিষ্ট কোনো চরিত্র আর থাকছে না। এটি হয়ে যাচ্ছে এশিয়ার দেশগুলোর বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জায়গা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও কাল জানালেন, ‘এশিয়া কাপের পরের আইসিসি ইভেন্টটি যে ফরম্যাটের হবে, এখন থেকে এশিয়া কাপও হবে সেই ফরম্যাটের। বড় আসরের আগে এই অঞ্চলের দেশগুলোর প্রস্তুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’