এশিয়া কাপের ভাগ্যেও করোনার সংক্রমণ

>করোনাভাইরাসের কারণে ভেস্তে যেতে পারে আগামী সেপ্টেম্বর অনুষ্ঠেয় এশিয়া কাপ টি-টোয়েন্টি
করোনাভাইরাসের কারণে একের পর এক স্থগিত হচ্ছে বৈশ্বিক টুর্নামেন্ট, দ্বিপক্ষীয় সিরিজ। স্থগিত টুর্নামেন্টের দীর্ঘ তালিকায় যোগ হতে পারে আগামী এশিয়া কাপও। সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা। এবার এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান।
করোনাভাইরাস পরিস্থিতির দ্রুত সমাধান না হলে এশিয়া কাপ স্থগিত করার ইঙ্গিত দিয়েছেন পিসিবি প্রধান এহসান মানি। দ্য টেলিগ্রাফকে তিনি বলেছেন, ‘এশিয়া কাপ নিয়ে শঙ্কা আছে। কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। পুরো বিশ্ব এখন অনিশ্চয়তার মধ্যে আছে। আগামী সেপ্টেম্বরে কী হবে আমরা কিন্তু কেউ বলতে পারছি না। অনেক কিছু বিষয় আছে, যার ওপর নির্ভর করবে এশিয়া কাপের ভাগ্য। হয়তো এক মাসের মধ্যে পরিস্থিতি আরও পরিষ্কার হবে।’
পাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়া কাপের খেলার পুরো বিরোধী ছিল ভারত। তবে পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারত নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলতে রাজি। বিসিসিআই প্রধান ভারতীয় সংবাদমাধ্যমে ভারতের এশিয়া কাপ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সেপ্টেম্বরে এশিয়া কাপের পর অক্টোবরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা। এখনো এই বছরের সবচেয়ে বড় বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আশাবাদী আয়োজকেরা।