এশিয়া কাপের সাতকাহন
>২০-২০, ৪০ ওভারের ম্যাচ। কিন্তু ছোট দৈর্ঘ্যের এই ম্যাচের দিকেই তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। আর সব টি-টোয়েন্টি ম্যাচের চেয়ে আজকের ম্যাচ পুরোপুরি ভিন্ন একটি কারণেই, টি-টোয়েন্টি সংস্করণের প্রথম এশিয়া কাপের ফাইনালে খেলছে বাংলাদেশ। ফাইনালে আলাদা গুরুত্ব পাচ্ছে সাতটি বিষয়—
টিম বাংলাদেশ
এবারের এশিয়া কাপে সত্যিকারের এক দল হয়ে উঠেছে বাংলাদেশ। এশিয়া কাপে সুনির্দিষ্ট কারও ওপর নির্ভর করে খেলছে না বাংলাদেশ। প্রতিদিন দলের জয়ে অবদান রাখছেন ভিন্ন কেউ। কেউ ব্যর্থ হলেই অন্য কেউ কাঁধ পেতে নিয়ে নিচ্ছেন সেই দায়িত্ব। প্রথম ম্যাচের ব্যর্থতার পর থেকেই দল হয়ে খেলছেন মাশরাফিরা। তিন ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন তিনজন, প্রতিটি ম্যাচে পার্শ্বচরিত্রে ছিলেন কেউ না কেউ। শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়ে ছিটকে পড়া মুস্তাফিজের অনুপস্থিতি পাকিস্তান ম্যাচে অন্যরা বুঝতেই দেননি। আজকের ফাইনালে বাংলাদেশের শক্তির জায়গাও এটিই।
বাংলাদেশের পেস শক্তি
ভারতের বিপক্ষে জুনের সেই সিরিজেই প্রথম চমকে দিয়েছিল বাংলাদেশ। উপমহাদেশের একটি দল হয়েও ওয়ানডে ম্যাচে চারজন পেসার নিয়ে নেমেছিল স্বাগতিকেরা। সেই পরীক্ষা-নিরীক্ষার সুফল ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়। এবারের এশিয়া কাপেও ফিরে এল সেই চার পেসার তত্ত্ব। আবারও চার পেসার খেলানোর সাহসিকতার পুরস্কার পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং নিয়ে সন্তুষ্ট সবাই। পাকিস্তানের বিপক্ষে তা থেকে সরে এসেছিল বাংলাদেশ মন্থর উইকেট দেখে। তবে পেস বোলিংয়ে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তাই ফাইনালে বাংলাদেশের চার পেসার নিয়ে নামার সম্ভাবনাই বেশি।
সবুজ উইকেট
এশিয়া কাপের শুরু থেকেই আলোচনায় সবুজ উইকেট। এ কি আসলেই মিরপুরের উইকেট? ঘাসে ঢাকা উইকেট। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কান দলও নিজেদের অস্বস্তি প্রকাশ করেছে। তাতে পেসারদের বয়েই গেছে, পুরোপুরি পেসবান্ধব উইকেট পেয়ে পেসাররাও সুবিধা আদায় করে নিয়েছেন টুর্নামেন্টজুড়ে। শুধু বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেই উইকেটের সবুজাভ রংটা একটু মেটে রূপ পেয়েছিল। কিন্তু ভারতের শক্তি ও দুর্বলতার কথা বিবেচনা করে আজও মিরপুরে সবুজ উইকেট ফিরে আসার সম্ভাবনাটাই বেশি।
বুমরার আবির্ভাব
অপ্রথাগত বোলিং অ্যাকশন, মূল অস্ত্র ইয়র্কার; না মালিঙ্গা নন, বলা হচ্ছে জসপ্রিত বুমরার কথা। এবার এশিয়া কাপে ভারতীয় বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র এই বুমরা। পাকিস্তান ম্যাচে ৩ ওভারের দুটিতেই মেডেন দিয়ে পেয়েছেন ৮ রানে ১ উইকেট। এই এক ম্যাচের নৈপুণ্যেই তো নিজেকে আলাদা করে ফেলেছেন তিনি। ইনিংসের শেষ দিকে এসে টানা ইয়র্কার দেওয়ার ক্ষমতা তাঁকে করে তুলেছে ভয়ংকর। তাই বলে নতুন বলেও কম যান না। এশিয়া কাপের প্রতি ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেয়েছেন বুমরা।
কোহলি ফ্যাক্টর
বাংলাদেশকে পেলেই যেন ক্ষুধাটা বেড়ে যায় কোহলির। আর খেলাটা বাংলাদেশে হলেই যেন অপ্রতিরোধ্য তিনি। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশে ৮ ম্যাচে ৯০.৬৬ গড়ে ৫৪৪ রান তাঁর। টি-টোয়েন্টিতেও দুই ম্যাচ খেলে ৬৪ রান তাঁর, গড়ও ৬৪। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৭ রানে ফিরে গেলেও পরের দুই ম্যাচেই দলকে জিতিয়ে বুঝিয়ে দিয়েছেন প্রিয় ভেন্যুতে আবারও হাসতে শুরু করেছে তাঁর ব্যাট। আজকের ফাইনালে কোহলিকে আটকে রাখাটাই হবে বাংলাদেশের মূল কাজ।
মনস্তাত্ত্বিক চাল
এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপটিও এবার উপমহাদেশে হচ্ছে বলে এই ট্রফি মনস্তাত্ত্বিক একটি প্রভাব ফেলতে পারে। খেলা মাঠে গড়ানোর আগেই যেন তাই মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমেছে ভারত। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তাই যেন বাংলাদেশকে খুব একটা ‘পাত্তা’ দিতে চাইলেন না দলের পরিচালক রবি শাস্ত্রী। টুর্নামেন্টের সেরা দুই দলই ফাইনালে খেলছে এটা মেনে নিয়েছেন আবার বললেন অন্য দলগুলোও ভালো খেলেছে। সবুজ উইকেটে পেসারদের খেলার জুজুকে উড়িয়ে দিয়ে জানালেন এ রকম পিচে খেলার প্রস্তুতি নিয়েই নাকি বাংলাদেশে এসেছে ভারত! এমনকি প্রতি ম্যাচে বাংলাদেশের দর্শকেরা যে গলা ফাটিয়ে দলকে সমর্থন দিচ্ছেন, এটিও ভারতের জন্য নাকি একদমই মাথাব্যথার কারণ নয়।
এবং রোহিত...
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মাকে আউট করেও ‘নো’ বলের ডাক শুনতে হয়েছিল রুবেলকে। আম্পায়ারের সেই ভুলকে কাজে লাগিয়ে সেঞ্চুরি করে মেলবোর্নে সেদিন বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন এই ওপেনার। এশিয়া কাপের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের আরেক ভুলে আবারও জীবন পেলেন রোহিত, এবারের দুর্ভাগা বোলার তাসকিন। এবারও ম্যাচ হেরে দায় মেটাল বাংলাদেশ। আজকের ফাইনালের আগে তাই ম্যাচ-পূর্ব আলোচনায় ঘুরেফিরে আসছে রোহিতের কথা। চোটের কারণে রুবেল নেই কিন্তু তাসকিন তো আছেন, আজ কি রোহিত আবারও সৌভাগ্যের পরশ পাবেন, নাকি আজ দিনটি হবে বাংলাদেশের?