এশিয়ার সবচেয়ে আগুন ঝরানো ম্যাচ যেটি

>বাংলাদেশ-ভারত ক্রিকেট লড়াইটা মাঠের বাইরে ছড়িয়ে পড়ে বারবারই। দুই দেশের মানুষই একে অন্যের বিরুদ্ধে মেতে ওঠেন। অনেক সময়ই সেটি ভব্যতার সীমা ছাড়ায়। এশিয়ার সবচেয়ে বেশি আগুন ঝরানো ক্রিকেট ম্যাচ এখন এটিকে বলা যেতেই পারে।
উসমান খানের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন যুজবেন্দ্র চাহাল। এমন একটা ছবি এখন ভারত ও পাকিস্তানের সোশ্যাল মিডিয়ার আনাচ-কানাচে ঘুরছে। যেমন ভাইরাল হয়ে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর কোহলি-আমিরদের একসঙ্গে মিলেমিশে হাসি-আড্ডায় মেতে ওঠার ছবিটা। যত যা-ই লেখা হোক বলা হোক, ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর আগের মতো উত্তাপ ছড়ায় না। রাজনৈতিক অঙ্গনে দুই দেশের মধ্যে সম্পর্ক যতই তলানিতে গিয়ে ঠেকুক না কেন। দুই দেশের ক্রিকেটারদের পারস্পরিক শ্রদ্ধাবোধের সঙ্গে মাঠের বাইরে সমর্থকদেরও যেন মিলমিশ হয়ে গেছে। আর খোদ জাতিসংঘ যেটা পারেনি, ভারত-পাকিস্তানের দুই দেশের আমজনতার বৈরী মনোজগতে বন্ধুবারতা ছড়িয়ে দেওয়ার এই কাজটা কিন্তু পরোক্ষে করেছে বাংলাদেশ!
দুই বছর আগে পাকিস্তানকে নিজেদের মাটিতে ওয়ানডে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে যাওয়া পাকিস্তানি সমর্থকদের জন্য তখন ছিল কল্পনার বাইরে। আশ্চর্যের বিষয় হলো, কদিন পরে ভারতকেও প্রায় একই পরিণতি বরণ করে নিতে হচ্ছিল। যদিও ভারত শেষ পর্যন্ত হারতে হারতে এক ম্যাচ জেতায় সিরিজটা হয়ে যায় ২-১। ওই সিরিজে ওয়ানডে অভিষিক্ত মোস্তাফিজকে ধোনির ধাক্কা মারা যেমন বাংলাদেশের সংবাদমাধ্যম একটুও ভালোভাবে নেয়নি; আবার ভারতের সিরিজ হারের পর প্রথম আলোর স্যাটায়ার ম্যাগাজিন রস+আলোর প্রচ্ছদ নিয়ে ভারতের মিডিয়ায় তুমুল সমালোচনার ঝড় তুলেছিল। আবার বাংলাদেশের সমর্থকেরা পাল্টা প্রশ্ন তুলেছিল, ‘মওকা মওকা’ শিরোনামের যা দুই দেশের সমর্থকদের মনস্তত্ত্বে প্রভাব ফেলেছে তো বটেই।
ক্রিকেটে বাংলাদেশের ক্রমাগত উত্থান খুব সম্ভবত ভারত, পাকিস্তান; এমনকি শ্রীলঙ্কার অহংয়ে আঁচড় কেটেছে। প্রতিবেশী গরিব ঘরের ছেলেটা জিপিএ ৫ পেয়ে গেলে মনটা একটু খচখচ তো করেই। ভারত ও পাকিস্তানের সমর্থকদের আরও কাছে এনেছিল ওই দুটি সিরিজের ফল। সামাজিক মাধ্যমে সমর্থকদের লড়াইটা বাংলাদেশ বনাম ভারত-পাকিস্তান। সর্বশেষ নিদাহাস ট্রফিতে ভারত নিরঙ্কুশ সমর্থন জুটিয়ে ফেলেছে লঙ্কানদেরও।
তারই রেশ ধরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় লড়াই হয়ে উঠেছে এশিয়া এখনকার সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচ। এটা ঠিক, ২০১৬ সালের ওই সিরিজের পর বাংলাদেশ আর কখনোই ভারতের বিপক্ষে জেতেনি। বরং তিন ধরনের ফরম্যাটে তিন-তিরিকে নয়টি ম্যাচে হেরেছে। কিন্তু এমন নয় লড়াইটা হয়েছে একতরফা। বরং বাংলাদেশ একাধিকার জয়ের মুখ থেকে শেষ গ্রাসটা টেনে নিতে পারেনি। বেশ কয়েকটি ম্যাচ হয়েছে উত্তেজনায় ঠাসা। আর পরতে পরতে উত্তেজনা থাকলে সেই টেনশন মাঠেও ছড়ায়। একাধিকবার দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
নিকট অতীতে লড়াই তাই কখনোই স্রেফ মাঠের মধ্যে থাকেনি। সংবাদ সম্মেলনে তির-পাল্টা তির ছোড়ার ঘটনা ঘটেছে। হালে বাংলাদেশে যেমন মাশরাফির একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে। ভারতীয় সাংবাদিকের 'কোহলি নেই বলে বাংলাদেশ কি বাড়তি সুবিধা পাবে?' প্রশ্নটার জবাবে মাশরাফি নাকি সপাটে উত্তর দিয়েছেন, 'আমাদের তামিম না থাকাও তো ভারতের জন্য সুবিধার'। অজিত আগারকার দলে মাশরাফির জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন, এমন একটা খবরে চটে আছে বাংলাদেশের সমর্থকেরা। মাশরাফিকে নিয়ে প্রশ্ন তোলার তিনি কে!
শুরুটা হয়েছিল ২০১৫ বিশ্বকাপ থেকে। সেবার কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, তখনকার আইসিসির বাংলাদেশি প্রধানের সমালোচনা...সব মিলিয়ে উত্তাপটা বেশ জমে উঠেছিল। যাতে ঘি ঢেলেছে পরের বছর বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজটি। আর চরমে গিয়ে পৌঁছেছে ভারতে হওয়া ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
সেবার বাংলাদেশ উষ্ণ অভ্যর্থনা পায়নি। বরং টুর্নামেন্টের মাঝপথে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ করা নিয়ে আরেক দফা উত্তাপ ছড়ায়। সংবাদ সম্মেলনে মাশরাফি প্রতিবাদী হতে গিয়ে আবেগে কেঁদেই ফেলেন। আইসিসির ‘অ্যাকশন’ নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশের তখনকার কোচ। এরই মধ্যে ভারত-বাংলাদেশ ম্যাচটি নতুন উত্তেজনা নিয়ে হাজির হয়। জেতা ম্যাচটি নাটকীয়ভাবে হেরে যায় বাংলাদেশ। আর সেই ম্যাচে জয়ের নায়ক হতে হতে আগাম উদ্যাপন করে খলনায়ক হয়ে যাওয়া মুশফিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের পরাজয় নিয়ে আবেগী পোস্ট দিয়ে বসেন সামাজিক মাধ্যমে। ভারত সমর্থকদের যা নজর এড়ায়নি। সর্বশেষ নিদাহাস ট্রফিতে আরও একবার উত্তাপ ছড়াল। আরও একবার জয়ের কাছ থেকে ফিরে আসতে হলো বাংলাদেশকে।
ভারত-পাকিস্তানের লড়াই আগের আবেদন হারিয়ে ফেলছে কি না, এ-ই প্রশ্নের মধ্যে বাংলাদেশ-ভারত দ্বৈরথ নতুন আশার আলো নিয়ে আসতে পারে ক্রিকেটপ্রেমীদের জন্য। তবে শেষ পর্যন্ত তো ক্রিকেট তো খেলাই। সেখানে লড়াই, প্রতিদ্বন্দ্বিতা, ঝাঁজ, আগুন-উত্তাপ সবই যেমন দরকার; দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধটাও। সেটা মাঠে মাশরাফি-রোহিতরা বেশ ভালোভাবেই পালন করেন। মাঠের বাইরের 'খেলোয়াড়' যে সমর্থকেরা, তাদেরও কিন্তু তা বুঝতে হবে।