এসবের মধ্যেও ভাবনায় শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন আহমেদকে কাছে পেয়ে খুশি প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা। তাঁদের আনন্দটা ছুঁয়ে গেল বাংলাদেশ দলের এই পেসারকেও। কাল আগারগাঁওয়ে l প্রথম আলো
তাসকিন আহমেদকে কাছে পেয়ে খুশি প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা। তাঁদের আনন্দটা ছুঁয়ে গেল বাংলাদেশ দলের এই পেসারকেও। কাল আগারগাঁওয়ে l প্রথম আলো

তাসকিন আহমেদকে কাছে পেয়ে কেঁদেই ফেললেন মাহবুবা হক। সন্তানদের সঙ্গে অনেক দূরত্ব, বড় নিঃসঙ্গ জীবন তাঁর। আগারগাঁওয়ের প্রবীণ হিতৈষী সংঘ মাহবুবা হকের বর্তমান ঠিকানা। ফাল্গুনের বিকেলে তাসকিন যেন একপশলা বাতাস হয়ে এলেন তাঁর কাছে। সন্তানকে কাছে পাওয়ার আনন্দে চোখে জল টলমল। তাসকিনও নিজেকে ধরে রাখতে পারেননি। এক মায়ের অশ্রু স্পর্শ করল বাংলাদেশের এই ফাস্ট বোলারকে।
অনিন্দ্যসুন্দর এই ছবিটা কাল দেখা গেছে আগারগাঁও প্রবীণ সংঘে। দুই দিন আগে হঠাৎই তাসকিনের মাথায় এসেছে ভাবনাটি। যে প্রবীণেরা নিঃসঙ্গ জীবন যাপন করেন, সন্তানেরা যাঁদের খোঁজখবর নেন না, তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। সেই ভাবনা থেকে কাল বিকেল চারটায় বাবা আবদুর রশিদ ও দুই বোন প্রিয়ন্তী-রোজাকে নিয়ে তাসকিন চলে আসেন এখানে।
সমাজের জন্য সব সময়ই কিছু করতে চান তাসকিন, ‘যখন দেশের বাইরে খেলতে যাই মায়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কথা হয়। তখন অনুভব করতে পারি, সন্তানের জন্য মায়ের মন কতটা ব্যাকুল থাকে। সন্তানের ভালোবাসা পাওয়াটা মা-বাবার প্রাপ্য। তাঁরা এত কষ্ট করে আমাদের মানুষ করেন। শেষ বয়সে এসে যদি সন্তানদের ছাড়া এভাবে কষ্টে থাকতে হয়, এর চেয়ে দুঃখের আর কী হতে পারে! আমাদের মতো তরুণদের প্রতিজ্ঞা করা উচিত, বাবা-মায়েরা যেন আমাদের কাছ থেকে কষ্ট না পান।’
মহতী এই উদ্যোগের মধ্যেও ক্রিকেট পিছু ছাড়েনি তাসকিনকে। অবধারিতভাবে চলে আসে শ্রীলঙ্কা সফর। একটি নতুন অভিজ্ঞতাই হতে যাচ্ছে তাঁর। ৩ টেস্ট, ২৩ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে তাসকিন এবারই প্রথম খেলতে যাচ্ছেন শ্রীলঙ্কায়। একটু রোমাঞ্চ কাজ করছে, তবে সফরটাকে স্মরণীয় করে রাখতে চান, ‘সর্বশেষ কয়েকটি সিরিজের ভুলগুলো সামনে শোধরাতে চাই। সেটা পারলে আশা করি শ্রীলঙ্কায় ভালো ফল হবে। ব্যক্তিগতভাবে শ্রীলঙ্কায় ভালো কিছু করতে চাই।’
গত অক্টোবরে ইংল্যান্ড সিরিজেই তাসকিনের টেস্ট অভিষেক হতে পারত। কিন্তু হয়নি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তখন বলেছিলেন, টেস্টের জন্য বাংলাদেশ দলের এই পেসার ফিট নন। সেই তাসকিন গত দুই মাসে খেলে ফেলেছেন ৩ টেস্ট। ক্রিকেটের সবচেয়ে শ্রমসাধ্য কাজ পেস বোলিং। সুতরাং পেসারদের চোটে পড়ার আশঙ্কা সব সময়ই থাকে। তবে তিন টেস্ট খেলে তাঁর উপলব্ধি, চোট সামলে চলতে শিখতে হবে নিজেকেই, ‘প্রতি ম্যাচেই ৩০-৩৫ ওভার বোলিং করেছি। আগের চেয়ে ভালো না হলে এটা করতে পারতাম না। পেসাররা আসলে কখনোই শতভাগ ফিট থাকতে পারে না। কিছুটা ব্যথা-ট্যথা থাকেই। এসব সামলে খেলতে হয়।’
কিন্তু কীভাবে চোট সামলে খেলতে হয়, সেটির উত্তর তাসকিন খুঁজে পান মাশরাফির কাছ থেকেও, ‘কেউ ইচ্ছে করে চোটে পড়ে না। চোট নিয়ে কমই চিন্তা করি। মানসিকভাবে শক্ত থাকাটা জরুরি। এ ক্ষেত্রে মাশরাফি ভাই আমার মেন্টর। আমাদের দেশে ওনার চেয়ে বেশি কেউ তো চোটে পড়েনি। এটা নিয়ে তিনি বেশি ভাবতে মানা করেছেন।’