এসে গেছে নতুন 'ওয়ার্ন'?
☀ শেন ওয়ার্নের সঙ্গে অনেক মিল লয়েড পোপের
☀ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপে খেলছেন তিনি
☀ ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৩৫ রানে ৮ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন পোপ
☀ পোপ নিজে অবশ্য ওয়ার্নের সঙ্গে তুলনা চান না
☀ ওয়ার্ন নিজে দারুণ উচ্ছ্বসিত এই তরুণ লেগিকে দেখে

মাথাভর্তি আগুনরঙা চুল! নেমে এসেছে কাঁধ অবধি। মাঝে মাঝেই বেয়াড়া চুলগুলো ‘বাধ্য’ করে রাখার অন্তহীন চেষ্টা করে যাচ্ছে সদ্য তরুণের অস্থির আঙুলগুলো। দেখতে শুনতে বিশেষ কিছু নয়, ঠিক যেন বাড়ির পাশের আলাভোলা, অথচ বেপরোয়া ছেলেটি। নীলাভ চোখ দুটোয় শুধু কিশোরসুলভ অদ্ভুত সারল্য। বল হাতে নিলে সেই সারল্য সরিয়ে যেন বেরিয়ে আসে এক মোহন জাদুকর!
আচ্ছা, কে এই তরুণ? করেছেনটাই বা কী? কী এমন বিশেষত্ব ওই সোনালি চুলের ছেলেটির? ছেলেটার নাম লয়েড পোপ, নিবাস অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে আছেন নিউজিল্যান্ডে। লেগস্পিনের মায়াজালে বিভ্রান্ত করে যাচ্ছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। এই পোপ এবার বাড়ি ফিরবেন ‘নতুন ওয়ার্ন’ হয়ে।
সত্যিই কাল যদি পোপ না থাকতেন, এতক্ষণে বাড়ির পথ ধরতে হতো অস্ট্রেলিয়াকে। কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে একাই হারিয়ে দিয়েছেন পোপ। দলকে টেনে তুলেছেন সেমিফাইনালে। পোপ যা করেছেন, যুব বিশ্বকাপ ইতিহাসে তা এর আগে করতে পারেননি কেউ। ৩৫ রানে নিয়েছেন ৮ উইকেট। বিশ্বকাপের সেরা আর অনূর্ধ্ব-১৯ ওয়ানডের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং এটা।
কুইন্সটাউনে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ৭ ওভার না পেরোতেই বিনা উইকেটে ৪৭ রান তুলে ফেলেছিল ইংলিশরা। অস্ট্রেলিয়া অধিনায়ক জেসন সাংঘা ঠিক সেই সময়ে বের করে আনলেন তাঁর শেষ ভরসাকে। চোখের সামনে সেমিফাইনালের সীমানা দেখতে পাওয়া ইংল্যান্ড সেখান থেকেই পথ হারাল পোপ-বিভ্রমে!
প্যান্ডোরার বাক্স থেকে একে একে বেরিয়ে এল গুগলি, ফ্লিপার আরও কত মায়াবি ডেলিভারি! বিনা উইকেটে ৪৭ থেকে ৯৬ রানে অলআউট ইংল্যান্ড।
কী নামে ডাকা যায় ক্রিকেটের নতুন এই জাদুকরকে? নতুন ‘ওয়ার্ন’! শুনে লাজুক হাসলেন এই তরুণ, ‘আমি চাই না তাঁর (ওয়ার্ন) সঙ্গে আমার তুলনা হোক। আমি বরং তাঁকে দেখে দেখে শিখতে চাই। লাল বলের খেলায় তিনি যেখানে ছিলেন, সেখানে কোনো একদিন পৌঁছাতে চাই।’
পোপের মধ্যে যাঁর ছায়া দেখছেন অনেকে, কিংবদন্তি সেই লেগ স্পিনার শেন ওয়ার্ন নিজেও পোপকে দেখে দারুণ উচ্ছ্বসিত। ম্যাচ শেষ হতে না হতেই টুইট করেছেন, ‘যা দেখলাম সেটা ভয়ালসুন্দর! কিছুদিন আগে অ্যাডিলেডে এই তরুণের সঙ্গে দেখা হয়েছিল আমার। দুজনে মিলে বল করেছিলাম, দারুণ কেটেছিল সময়টা। দারুণ করেছ পোপ, জয়ের জন্য বল ঘোরাও বন্ধু।’
কিংবদন্তির সঙ্গে তাঁর মিল খুঁজে পাচ্ছে মানুষ! আনন্দ আর বিস্ময়ের ঘোরে সময় কাটছে পোপের। রয়টার্স, এএফপি।