এসে যাচ্ছে টসহীন ক্রিকেট!
প্রস্তাবটা প্রথম দিয়েছিলেন রিকি পন্টিং। টেস্ট ক্রিকেট থেকে টস তুলে দেওয়ার কথা বলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। বলেছিলেন টসের বদলে অতিথি দলের হাতেই আগে-পরে ব্যাটিং বা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তুলে দেওয়া হোক। পন্টিংয়ের এই প্রস্তাব পরে সমর্থন পেয়েছে তাঁর পূর্বসূরি স্টিভ ওয়াহ ও ওয়েস্ট ইন্ডিয়ান পেস কিংবদন্তি মাইকেল হোল্ডিংয়েরও।
সর্বোচ্চ পর্যায়ে না হলেও পন্টিংয়ের এই প্রস্তাবটি বাস্তবায়নের পক্ষে অনেক দূর এগিয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের ম্যাচগুলো টসহীন করার প্রস্তাব দিয়েছে ইসিবির ক্রিকেট কমিটি। যে প্রস্তাব আজ ইসিবিতে পাস হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। অবশ্য পরীক্ষামূলকভাবে আপাতত এক বছরের জন্য এ পদ্ধতিটি চালু করতে চায় ইসিবি।
পন্টিংয়ের মতো ইসিবিও মনে করে, মাঠ ও কন্ডিশনের কারণে মাঝেমধ্যেই টস গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় দেখা যায় উইকেটের চরিত্রের কারণে টসের জয়-পরাজয়ই খেলার ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেয়। এ লড়াইয়ে ভারসাম্য আনতেই টস বাদ দেওয়ার ব্যবস্থা! বিবিসি।