
বিকেএসপিতে আবাহনী ও গাজী গ্রুপের অধিনায়কের লড়াইটা বেশ জমে উঠল। ক্রিকেট নয়, তামিম ইকবাল-অলক কাপালির লড়াই ফুটবল নিয়ে! বেরসিক বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচের মতো সেটিও শেষ হতে পারল না। বৃষ্টি শুরু হয়েছিল আবাহনীর ইনিংস শেষেই। ঘণ্টা খানেক পর থামলেও কালো আকাশ জানাচ্ছিল, কাল ম্যাচ শেষ হওয়া কঠিন। হলোও না। বিকেল তিনটার দিকে আবারও বৃষ্টি শুরু হলে আবাহনী-গাজী গ্রুপের ম্যাচ চলে এল আজ রিজার্ভ ডেতে।
শামসুর রহমানের হাতে বল তুলে দিয়ে সকালেই খানিকটা চমক উপহার দিয়েছে গাজী গ্রুপ। স্বভাববিরুদ্ধ ধীর-লয়ে শুরু করা তামিমের ব্যাটিংও কম চমক-জাগানিয়া নয়! শামসুরের প্রথম ওভারে রান করতে পারেননি আবাহনীর অধিনায়ক। প্রথম রানটি করতেই খেলতে হয়েছে ১২ বল। প্রথম ২২ বলে ৪ রান। খানিক পরে বেরিয়ে এলেন খোলস থেকে। পরের ৪৪ বলে করলেন ৫১। লিস্ট ‘এ’-তে বাঁহাতি ওপেনার পূর্ণ করেন ৬০০০ রান। মেহেদী হাসানের বলটা বেরিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হওয়ার আগে করেছেন ৬৬ বলে ৫৫ রান। ১ উইকেটে ১০৭ থেকে ৪ উইকেটে ১৫৫—৪৮ রানের ব্যবধানে ৩ উইকেট পড়ে গেলে বেশ চাপেই পড়ে যায় আবাহনী।
চাপটা দারুণভাবে সামলেছেন আবাহনীর ভারতীয় অলরাউন্ডার রজত ভাটিয়া। আইপিএল-ব্যস্ততা শেষে পরশু সন্ধ্যায় এসেছেন ঢাকায়। মোসাদ্দেক হোসেনকে নিয়ে পঞ্চম উইকেট-জুটিতে ১০০ রান যোগ করে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিলেন তিনিই। ৬১ বলে করলেন হাফ সেঞ্চুরি। ভাটিয়ার আফসোস হতে পারে সেঞ্চুরি না করতে পেরে। অপরাজিত ছিলেন ৯০ রানে (৮৮ বলে)। আবাহনী শেষ ৬ ওভারে যে ৫৮ রান তুলেছে, এর মধ্যে ভাটিয়াই করেছেন ৩৬ (২২ বলে)। ৪৬তম ওভারে মেহেদীকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে এমনই ছক্কা মারলেন, উড়ে গিয়ে পড়ল বিকেএসপি পাঁচিলের ওপারে!
আগের ম্যাচে ফতুল্লায় ২৮২ রান করেও কলাবাগান ক্রিকেট একাডেমির কাছে হেরেছে আবাহনী। প্রশ্ন জাগতেই পারে, গাজী গ্রুপের বিপক্ষে ২৭৬ রান কতটা নিরাপদ? ভাটিয়ার কণ্ঠে আশার সুর, ‘কাল (আজ) আউটফিল্ড ভারী হয়ে যাবে। কখন খেলা শুরু হবে, সেটির ওপর নির্ভর করছে আমাদের জয়। আশা করি, ভালো বোলিং করলে ম্যাচটা জিততে পারব।’