ঐক্যের মন্ত্রে হেসন

ডানেডিন শহরে যে রাস্তাটি ইউনিভার্সিটি স্টেডিয়ামের দিকে গেছে, কদিন আগে সেটির নাম বদলে রাখা হয়েছে ‘ব্রেন্ডন ম্যাককালাম ড্রাইভ।’ ডানেডিন ম্যাককালামের নিজের শহর। তবে অকল্যান্ড-ওয়েলিংটন-নেপিয়ার, নিউজিল্যান্ডের সব প্রধান শহরেই ম্যাককালামকে দেখতে পাবেন চারপাশে। শুধু ম্যাককালাম কেন, বিলবোর্ড-হোর্ডিং-টিভির বিজ্ঞাপনে এখন শুধুই ক্রিকেট। সব জায়গায় ক্রিকেটের আলোচনা। রাগবির দেশ নিউজিল্যান্ড এখন ভাসছে ক্রিকেটের জোয়ারে। জোয়ার কি আরও উত্তুঙ্গ হবে কাল, নাকি থমকে যাবে ১৯৯২ বিশ্বকাপের মতোই?
ভারতের পাশাপাশি এই বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল নিউজিল্যান্ড। কোয়ার্টার ফাইনালে মার্টিন গাপটিলের অসাধারণ ডাবল সেঞ্চুরি আর দুর্দান্ত জয়ের পর কিউইদের স্বপ্নের পালে লেগেছে আরও জোর হাওয়া। কিন্তু নিউজিল্যান্ডের স্বপ্নযাত্রা এখন দাঁড়িয়ে সবচেয়ে কঠিন বাস্তবতার সামনে। সেমিফাইনাল! আগে ৬ বার সেমিফাইনাল খেলে একবারও ফাইনালে পা রাখতে না পারার ‘রেকর্ডটি’ও যে নিউজিল্যান্ডের! সেমিফাইনাল মানে তাই কিউইদের ইতিহাসের বাধা, বাধা মানসিকতা।
তবে এবার কোনো কিছুকেই বাধা মানছেন না মাইক হেসন। কিউই কোচ এগিয়ে যেতে চান দলীয় ঐক্যের মন্ত্রে। গাপটিলের ২৩৭ রানের ইনিংসটির রেশ আছে এখনো। ইনিংসটির প্রশংসা যেমন আছে হেসনের কণ্ঠে, তেমনি মনে করিয়ে দিয়েছেন এই দলের মূল মন্ত্রটাও, ‘গাপটিল অসাধারণ খেলেছে। বিশেষ করে সেঞ্চুরির পর যেভাবে ইনিংসটা আরও বড় করেছে, এটিই ফুটিয়ে তুলছে ওর দৃঢ়প্রতিজ্ঞা। তবে এই দলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, দলের সবাই একেবারেই নিঃস্বার্থ। ব্যক্তিগত অর্জন, মাইলফলক এসব পাশে রেখে দলের প্রয়োজনটাই সবার কাছে গুরুত্বপূর্ণ। সবাই তো আর প্রতিদিন সেঞ্চুরি করতে বা উইকেট নিতে পারবে না। তবে যার যার জায়গা থেকে ছোট করে অবদান রাখতে হয় সবাইকেই। এসবই এই দলটাকে এমন দুর্দান্ত করে তুলেছে।’
নিউজিল্যান্ড কোচের মতে, দলের বদলে যাওয়ার মূল কারণও এটিই, ‘গত দু-এক বছরে দলটার অনেক কিছুই বদলে গেছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে ছিলাম আমরা, উঠে এসেছি চারে। কারণ আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি। আমাদের দুর্দান্ত কিছু ক্রিকেটার আছে এবং দলটা ঐক্যবদ্ধ।’
কালকের সেমিফাইনালে নিউজিল্যান্ডের সামনে তাদের মতোই ইতিহাসের বাধা পেরোনোর অপেক্ষায় থাকা এক দল—দক্ষিণ আফ্রিকা। হেসনের ধারণা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইলটি হবে রোমাঞ্চকর, ‘আগের কোনো কিছু বা হিসাব-নিকাশ এই ম্যাচে কোনো প্রভাব রাখবে না। নতুন ম্যাচ, নতুন দিন। দুই দলই দারুণ ক্রিকেট খেলছে এবং জিততে মরিয়া। আমার তো মনে হয়, দুর্দান্ত একটি ম্যাচ হবে।’ বিবিসি, ক্রিকইনফো, এএফপি, রয়টার্স।