ঐতিহাসিক ম্যাচে বোলারদের দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লাডলাইটের আলোয় ভেসে যাওয়া অ্যাডিলেড কাল সাক্ষী হয়ে থাকল টেস্ট ক্রিকেটের নতুন যুগের l রয়টার্স
ফ্লাডলাইটের আলোয় ভেসে যাওয়া অ্যাডিলেড কাল সাক্ষী হয়ে থাকল টেস্ট ক্রিকেটের নতুন যুগের l রয়টার্স

দিন থেকে দিন-রাতের খেলা হয়ে যেতেই কি এত বদল? নইলে গ্যাবা আর ওয়াকায় যেখানে প্রথম দিনে পড়েছে মাত্র ২টি করে উইকেট, সেখানে অ্যাডিলেডে প্রথম দিনেই ১২ উইকেট পড়ে গেল! এখানেই শেষ নয়, গ্যাবা আর ওয়াকা—দুই মাঠেই প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। এখানে তাঁরা দুজনই অল্প রানে আউট, তাও আবার বাজে শট খেলে। আগের দুই টেস্টে দর্শক ছিল হাতে গোনা, অ্যাডিলেডে এই টেস্টে শেষ সেশনে মাঠে ছিলেন ৪৭ হাজার ৪৪১ জন!
অ্যাডিলেডে হচ্ছে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট। এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হয়, সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। তবে অন্তত আগের দুই টেস্টের চেয়ে যে এটি অনেক দিক দিয়েই আলাদা সেটি বোঝানোর জন্য বোধ হয় আর উদাহরণ না দিলেও চলছে। প্রথম দিনেই ১২ উইকেট পড়েছে মানে বোলারদের দাপট চলছে। সেই দাপটে গত ১৮ বছরের মধ্যে অ্যাডিলেডে সবচেয়ে কম রানে (২০২) অলআউট নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে এভাবে ধসিয়ে দেওয়ার মূল কারিগর দুই অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। দুজনেরই ৩টি করে উইকেট। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াও খুব স্বস্তিতে নেই। ৩২ রানেই ২ উইকেট হারানোর পর বাকি সময়ে আর কোনো উইকেট না খুইয়ে দিন শেষে (আসলে রাত শেষে) অস্ট্রেলিয়ার রান ৫৪।
অবশ্য বল-ব্যাটের লড়াই ছাপিয়ে শেষ পর্যন্ত আলোচনায় থাকল গোলাপি বলে টেস্ট ক্রিকেটের নতুন রূপ দেখার রোমাঞ্চ। স্টেডিয়ামে আলো জ্বলে উঠেছে দ্বিতীয় সেশনেই। তবে দিবারাত্রির টেস্টের সত্যিকার স্বাদ পেতে অপেক্ষা করতে হলো ‘ডিনার’ বিরতির পর পর্যন্ত। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ডিনার। প্রথাগত লাঞ্চ বিরতির জায়গায় এখানে চা-বিরতি, আর চা-বিরতির জায়গা নিয়েছে ডিনার!
নিউজিল্যান্ড অবশ্য ততক্ষণে ১৭৩ রান করতেই ৭ উইকেট হারিয়ে বসে আছে। টস জিতে ব্যাট করতে নামার পর চতুর্থ ওভারেই ফিরে যান মার্টিন গাপটিল। দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে টম ল্যাথাম চেষ্টা করছিলেন সেই ধাক্কা সামাল দেওয়ার। আগের দুই টেস্টে দুর্দান্ত খেলা উইলিয়ামসন কালও শুরুটা করেছিলেন দারুণ। প্রথম ১৯ বলে ১৯ রান, কিন্তু এরপরেই কী যে হলো, রান করাটা কঠিন হয়ে গেল তাঁর জন্য! পরের ৩৯ বলে করলেন মাত্র ৩ রান! বৈপরীত্যে ভরা একটা ইনিংস খেলে উইলিয়ামসন আউট হওয়ার পর ল্যাথাম আবার চেষ্টা করেন টেলরকে নিয়ে। কিন্তু দুজনের ৩৫ রানের জুটির পর ল্যাথাম নিজেই আউট! তাঁর পথ ধরলেন টেলর আর ম্যাককালামও। কিউইদের ইনিংসে একমাত্র ফিফটিটা ল্যাথামেরই। ৯৪ থেকে ৯৮—এই ৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। এরপর শুধু আর একটাই বলার মতো জুটি হয়েছে, ষষ্ঠ উইকেটে অভিষিক্ত মিচেল স্যান্টনারের সঙ্গে বিজে ওয়াটলিংয়ের। কিন্তু স্যান্টনারকে (৩১) বোল্ড করে ৪৪ রানের সেই জুটি ভেঙেছেন স্টার্ক। ডিনারের পর আর মাত্র ৯.২ ওভার টিকেছে নিউজিল্যান্ডের ইনিংস। ক্রিকইনফো।
দিবারাত্রির টেস্টে যত প্রথম
টস                 ব্রেন্ডন ম্যাককালাম         নিউজিল্যান্ড
বল            মিচেল স্টার্ক                      অস্ট্রেলিয়া
ব্যাটসম্যান      মার্টিন গাপটিল               নিউজিল্যান্ড
রান            মার্টিন গাপটিল                  নিউজিল্যান্ড
উইকেট        জশ হ্যাজলউড                 অস্ট্রেলিয়া
আউট         মার্টিন গাপটিল                 নিউজিল্যান্ড
ক্যাচ          পিটার নেভিল                    অস্ট্রেলিয়া
মেডেন       পিটার সিডল                    অস্ট্রেলিয়া
৫০            টম ল্যাথাম                     নিউজিল্যান্ড
বাউন্ডারি       কেন উইলিয়ামসন           নিউজিল্যান্ড
ছক্কা            টিম সাউদি                    নিউজিল্যান্ড
ক্যাচ মিস       অ্যাডাম ভোজেস            অস্ট্রেলিয়া