ওঁদের চোখে বড় স্বপ্ন

‘আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে এবার আমাদের লক্ষ্যটা অনেক বড়। আমাদের প্রস্তুতিটাও বেশ ভালো। আশা করি, ভালো কিছু করতে পারব।’ মেহেদী হাসান মিরাজের কণ্ঠে উপচে পড়া আত্মবিশ্বাস। দক্ষিণ আফ্রিকা জয় করে গত পরশু গভীর রাতে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টেলিফোনে কথা বলার সময় সেই দলের অধিনায়ক মিরাজের কণ্ঠে ভ্রমণ-ক্লান্তির রেশ থাকলেও সেটি ঢাকা পড়ে গেল যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারানোর উচ্ছ্বাসে। আগামী বছর ২২ জানুয়ারি বাংলাদেশে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর স্বপ্নটাও এখন আকাশছোঁয়া, ‘এবার চ্যাম্পিয়ন হতে চাই আমরা।’
মিরাজের এই আত্মবিশ্বাসের মূলে দলের ধারাবাহিক সাফল্য, ‘দেশের মাটিতেও আমরা দক্ষিণ আফ্রিকাকে ৬-১ ব্যবধানে হারিয়েছি। এর আগে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছি ৩-২ ব্যবধানে। টানা তিনটি সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’
উপমহাদেশের ক্রিকেটারদের জন্য দক্ষিণ আফ্রিকায় খেলা মানেই বাউন্সি উইকেটে মানিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ। সেটি জয় করার প্রস্তুতি অবশ্য ভালোই ছিল, ‘সেখানকার উইকেটে বাউন্স ছিল। বল সুইং-ও করেছে। তবে আমরা ভালোই প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। বিকেএসপির বাউন্সি পিচে অনুশীলন করেছি। দক্ষিণ আফ্রিকায় যাতে অসুবিধা না নয়, সে জন্য পিচে গ্রানাইটে বল ফেলেও ব্যাটিং অনুশীলন করেছি। সিমেন্টের পিচেও ব্যাটিং করেছি। এটা খু্ব কাজে দিয়েছে।’ কোচ মিজানুর রহমানকেও কৃতিত্ব দিলেন মিরাজ, ‘শুরু থেকেই উনি একটা কথা বলেছেন, পরিবেশ-পরিস্থিতি যাই হোক, আমরা যেন নিজেদের সহজাত খেলাটাই খেলি। দক্ষিণ আফ্রিকায় আমরা সবাই নিজেদের খেলাটাই খেলেছি।’
আলাদা করে দুজনের নাম বললেন মিরাজ, ‘ওপেনার পিনাক ঘোষ খুবই ভালো করেছে (৭ ম্যাচে ২৮০ রান)। ব্যাটিংয়ে ভালো করেছে জয়রাজ শেখও (৫ ম্যাচে ২১১)।’ বিনয় দেখিয়ে নিজের নামটা না বললেও সফরে দুই দল মিলিয়েই সেরা অলরাউন্ড নৈপুণ্য অধিনায়কের। সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন। ৩৬ গড়ে করেছেন ১৮০ রান। শেষ পর্যন্ত অবশ্য সম্মিলিত প্রচেষ্টারই জয়গান গাইলেন তিনি, ‘আমরা একটা দল হিসেবে খেলেছি। যার যা ভূমিকা, সবাই নিজেদের জায়গা থেকে তা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা যে একটা দল হয়ে খেলেছি, সেটা প্রতিপক্ষও বলেছে। দক্ষিণ আফ্রিকা যুব দলের ম্যানেজার মরগান পিল্লাই একদিন এসে বললেন, “তোমাদের বড়রা ভালো খেলছে, তোমরাও খুব ভালো খেলছ”।’
দল হিসেবে খেলেই আগামী বছর যুব বিশ্বকাপে ‘প্লেটের দল’-এর অপবাদ ঘোচাতে চান মিরাজ। ১৯৮৮ সালে শুরু টুর্নামেন্টে এ পর্যন্ত নয় বার খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্লেটে চ্যাম্পিয়ন হয়েছে চারবার। কাপ পর্যায়ে বলার মতো সাফল্য নেই। সেরা সাফল্য ২০০৬ বিশ্বকাপে পঞ্চম হওয়া। মিরাজের আশা, দেশের মাটিতে এবার সাফল্যের নতুন ইতিহাসই লিখবে তাঁর দল।
বাংলাদেশও সেই অপেক্ষাতেই।