ওঁদের তিনজনের সঙ্গে বোর্ডপ্রধান

অফিশিয়াল ফটোসেশন শেষে সবাই যখন এদিক-সেদিক দাঁড়িয়ে, সাকিব আল হাসানকে নিয়ে ড্রেসিংরুমের দিকে এগোলেন নাজমুল হাসান। যেতে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি বললেন, ‘ওর সঙ্গে একটু কথা বলে আসি।’
কী কথা হলো? ড্রেসিংরুমের সেই গোপন কথা গোপন রাখেননি বিসিবি-প্রধানই, ‘শুধু সাকিব নয়, ভেতরে তামিমকেও ডেকেছিলাম। মাশরাফির সঙ্গেও কথা বলেছি আলাদা করে। তিনজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলার কারণ আছে। সিনিয়র হিসেবে ওদের দায়িত্ব একটু বেশি নিতে হবে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। জিততে হলে দরকার টিম স্পিরিট। শুধু নিজের পারফরম্যান্স নিয়ে ভাবলে চলবে না, অন্যরা যাতে ভালো করে, সেই চেষ্টা করতে হবে। অন্যদের অনুপ্রাণিত করতে হবে, মনোবল বাড়াতে হবে, সাহস জোগাতে হবে। এই দায়িত্বটা ওদের দিয়েছি। আশা করি, ওরা এটা করতে পারলে দলের এ অবস্থায় পরিবর্তন আসবে।’
ক্রিকেট বোর্ডের প্রধান দলের তিন সিনিয়র ক্রিকেটারকে আলাদা করে ডেকে নিয়ে বাড়তি দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অবস্থার এক টুকরো ছবি যেন এটি। বাংলাদেশের মতো দলে ‘টিম স্পিরিটই’ তো হওয়ার কথা সবচেয়ে বড় সম্পদ! ক্রিকেটীয় মান আর সামর্থ্যে পিছিয়ে থাকা একটি দলের দলীয় চেতনার জোরে অসাধ্য সাধন করার কত নজির আছে ক্রিকেটে! শ্রীলঙ্কা ছিল একসময়, ছিল অ্যান্ডি ফ্লাওয়ার, হিথ স্ট্রিকের জিম্বাবুয়েও। বাংলাদেশেরও উদাহরণ কম নেই। এমনকি এই দলটিরও!
তবে এই বছর দলের যা পারফরম্যান্স, নিশ্চিত সেটার আঁচড় লেগেছে ড্রেসিংরুমেও। কিংবা মাঠের বাইরের কিছু প্রভাব পড়েছে মাঠের ভেতরে। দলটাকে বেশ ছন্নছাড়াই মনে হয়েছে সম্প্রতি। টানা হারের ধাক্কায় মনোবল তো একদমই তলানিতে। সিনিয়র ক্রিকেটারদের এ অবস্থায় এমনিতেই এগিয়ে আশা উচিত। এখন বোর্ডপ্রধানের কথায় হোক বা সিনিয়ররা যদি স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসে, দল কতটা একসুতোয় গাঁথা হচ্ছে, কিছুটা প্রমাণ মিলবে এশিয়াডেই।