ওঁদের ফেরানোর বিরুদ্ধে লতিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২ সেপ্টেম্বর থেকেই আবার ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আসিফ ও সালমান বাট। একই ঘটনায় আরেক অভিযুক্ত মোহাম্মদ আমির এ বছরের জানুয়ারিতেই ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছেন। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতো অনেকে মনে করেন, দেশের মুখে চুনকালি ফেলা এই তিন ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দেওয়া উচিত হবে না।
বরাবরই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। ম্যাচ পাতানোর দায়ে সাজা পাওয়া আসিফ-আমির-বাটদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার বিরুদ্ধে রশিদ লতিফ। বলেছেন, ‘আমি ওদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাকে সমর্থন করি না। কারণ ওরা এমন কারও জায়গায় দলে আসবে যারা ওদের মতো প্রতিভাবান না হলেও কখনো দুর্নীতির সঙ্গে জড়ায়নি।’
রশিদ লতিফের মন্তব্য নিয়ে কিছু বলেননি, তবে আসিফ জানেন, আইসিসির বদান্যতায় নিষেধাজ্ঞা দুবছর কমলেও মানুষের ভালোবাসা তিনি হারিয়েছেন। মাঠে নামলে তাঁকে হয়তো দর্শকের দুয়ো শুনতে হবে, ‘প্রতারক’ গালিটাও গিলতে হবে। এসব আপাতত মাথা পেতে নিতে প্রস্তুত এই ডানহাতি পেসার। তিনি প্রত্যয়ী যে একসময় দর্শকের ভালোবাসা আবার ফিরে আসবে তাঁর কাছে। কীভাবে? আসিফের নিজের মুখেই শুনুন, ‘আমি একটা ভুল করেছিলাম, যার জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছি। দুঃখ প্রকাশ করেছি পুরো দেশবাসীর কাছে। আরও রোষের সামনে পড়তে আমি তৈরি। আমি নিশ্চিত অনুশোচনা ও বোলিং দিয়ে মানুষের মনোভাব বদলাতে পারব।’ ডন, এএফপি।