ওঁদের হাতে ক্যারিবীয় পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ যুবদলের অধিনায়ক হেটমায়ার l প্রথম আলো
গতকাল সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ যুবদলের অধিনায়ক হেটমায়ার l প্রথম আলো

এই তো কালও একটা নেতিবাচক সংবাদ পাওয়া গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে। টাকাপয়সা নিয়ে বোর্ডের সঙ্গে আবারও খেলোয়াড়দের টানাপোড়েন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে কেন্দ্রীয় চুক্তির জন্য যে আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি খেলোয়াড়দের নাকি মনমতো হয়নি। খেলোয়াড়েরা তাই বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছেন।
শুধু মাঠের বাইরে নয়, মাঠে ক্যারিবীয়দের পারফরম্যান্সও বিবর্ণ, অনুজ্জ্বল। অনেক দিন ধরেই তারা ওয়ানডে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে আছে। র্যাঙ্কিং অবনমনের কারণে তো আগামী বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলাই হচ্ছে না ক্যারিবীয়দের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে সুখবর কই? ধারাবাহিক বাজে পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজ নামটা বহুদিন ধরে ক্রিকেট রোমান্টিকদের কাছে দীর্ঘশ্বাস।
সে ক্ষেত্রে বাহবা পেতেই পারেন হেটমেয়ার-জোসেফরা। একের পর এক নেতিবাচক সংবাদের ভিড়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে যুবারা দিয়েছেন এক পশলা স্বস্তির বাতাস। যুব বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল প্রেরণা খুঁজে পেতে পারে অতীত থেকেও।
২০০৪ সালে বাংলাদেশ হওয়া যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল ফাইনালেই। অবশ্য ফাইনালে পাকিস্তানের কাছে ২৫ রানে হেরে তাদের জলাঞ্জলি দিতে হয়েছিল শিরোপা-স্বপ্ন। সময় কী নির্মম, ১২ বছর পর, ৮ ফেব্রুয়ারি ফতুল্লায় কোয়ার্টার ফাইনালে ৫ উইকেটে হারিয়ে পুরোনো যাতনা পাকিস্তানকেই ফিরিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল।
গ্রুপ পর্ব শেষে ধারণা করা হচ্ছিল, সেমিফাইনালের লাইনআপটা ‘অল এশিয়ান’ হয়ে যাবে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা শেষ চারে উঠলেও ব্যতিক্রম হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নামটা। ‘ব্যতিক্রম’ হওয়ার যৌক্তিক কারণ আছে। বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে ধবলধোলাই, গ্রুপ পর্বে জিম্বাবুয়ের সঙ্গে বিতর্কিত ‘মানকাডেড’ আউটে কোনোক্রমে জয়, উপমহাদেশের স্পিনবান্ধব উইকেটে শেষ চারে ওয়েস্ট ইন্ডিজের নামটা খানিকটা চমকে দেওয়ার মতো নয় কি?
সংবাদ সম্মেলনে অধিনায়ক হেটমায়ারকে জিজ্ঞেস করা হলো সরাসরি, ‘বাংলাদেশকে হারাতে পারবেন?’ প্রশ্নেই পরিষ্কার, কোন দলকে ফেবারিট ধরা হচ্ছে এই ম্যাচে। ফেবারিট যে দলই হোক, ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ অধিনায়কও যথেষ্ট আত্মবিশ্বাসী, ‘হ্যাঁ পারব। খেলোয়াড়েরা যদি তাদের মূল কাজটা করতে পারে, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তবে আমাদের ভালো সুযোগ আছে।’
এই টুর্নামেন্টে ক্যারিবীয়দের মূল শক্তি পেস বোলিং। আলজারি জোসেফ, কেমার হোল্ডার, শামার স্প্রিঙ্গাররা যেন নতুন আশা দেখাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজকে। জোসেফ তো এরই মধ্যে গতির ঝড় তুলে ও নিয়মিত উইকেট শিকারে নিজেকে চিনিয়েছেন আলাদাভাবে। নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখতে জোসেফ-হোল্ডারদের সামনে এখন দারুণ সুযোগ। তবে আপাতত তাদের বড় বাধা স্বাগতিক বাংলাদেশ। শেষ চারেই ক্যারিবীয়দের বিশ্বকাপ অভিযান শেষ করে দিতে প্রত্যয়ী মেহেদী হাসান মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কি না, সেটাই দেখার।