ওই ছয়জনের একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি নাম পরপর লিখে যাই-
হ্যামিল্টন মাসাকাদজা, থিলান সামারাবীরা, তৌফিক উমর, মোহাম্মদ আশরাফুল, বীরেন্দর শেবাগ, লু ভিনসেন্ট।
নামগুলো আপনার পরিচিত বলেই অনুমান করি। এবার একটা কুইজ। বলুন তো, কোন বিনি সুতোর মালায় গাঁথা পড়েছেন এই ছয়জন?
এঁরা সবাই স্পেশালিস্ট ব্যাটসম্যান—এমন সরল উত্তরে চলবে না। আরেকটু ভাবুন। ভেবে পেয়ে গেলে তো ভালোই, নইলে বলে দিই। এই ছয়জনই টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন।
এতেও কি হেঁয়ালিটার পুরোপুরি ব্যাখ্যা মিলল? এমন তো নয় যে টেস্ট ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরির কীর্তি শুধু এই ছয়জনেরই। এমন অবিস্মরণীয় শুরু আছে আরও ৯১ জন ব্যাটসম্যানের। তাহলে এই ছয়জনকে আলাদা করার অর্থ কী? যে বিনি সুতোর কথা বলছিলাম, সেটি আসলে শুধু টেস্ট অভিষেকে সেঞ্চুরি নয়। এই ছয়জন তা করেছেন একই বছরে এবং মাত্র চার মাসের মধ্যে! ২০০১ সালের ২৭ জুলাই অভিষেকেই সেঞ্চুরির স্রোতোধারার শুরুটা করেছিলেন মাসাকাদজা, যেটি গিয়ে থামে ৩০ নভেম্বর লু ভিনসেন্টের সেঞ্চুরিতে।
‘অভিষেকে সেঞ্চুরির স্রোতোধারা’ বলছি অকারণে নয়। চার মাসের মধ্যে তো নয়ই, ২০০১ সাল ছাড়া আর কোনো পঞ্জিকাবর্ষও অভিষেকে ছয় সেঞ্চুরি দেখেনি। তা এই পুরোনো কাসুন্দি কেন ঘাঁটছি? খুব যে বড় কোনো কারণ আছে, তা নয়। কাল শেখ আবু নাসের স্টেডিয়ামে হ্যামিল্টন মাসাকাদজাকে সেঞ্চুরি করতে দেখে মনে পড়ে গেল তাঁর অভিষেকে সেঞ্চুরির কথা। সঙ্গে বাকি নামগুলোও।
এর মধ্যে দুটি সেঞ্চুরি প্রেসবক্সে বসেই দেখেছি। মুলতানে তৌফিক উমরের সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষেই। দ্বিতীয় এবং সম্ভবত শেষবারের মতো আয়োজিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে। কদিন পর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুলের সেঞ্চুরিটিও তা-ই।
নদী থেকে বেরোনো উপনদীর মতো এই ছয়জনকে গাঁথা বিনি সুতোর মালারও ‘শাখাপ্রশাখা’ আছে। আশরাফুল ও লু ভিনসেন্ট যেমন এক সূত্রে বাঁধা পড়েছেন ফিক্সিংয়ের চোরাবালিতে ডুবে গিয়ে। ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করার দিক থেকে দুজনের মিল আছে। মিল এটাও যে দুজনই এখন ক্রিকেট থেকে নির্বাসিত।
মাসাকাদজা ও আশরাফুলের মধ্যেও একটা যোগসূত্র আছে। অভিষেকে সেঞ্চুরির প্রসঙ্গে কোনো একজনের নাম বললেই আরেকজনের নাম মনে পড়ে যায়। আশরাফুলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে যে ভেঙে গিয়েছিল মাসাকাদজার একটি রেকর্ডও। মাসাকাদজা সেঞ্চুরি করেছিলেন ১৭ বছর ২৫৪ দিন বয়সে। টেস্ট অভিষেকে যা সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড। এত বড় একটা রেকর্ড, অথচ সেটি কি না দেড় মাসও স্থায়ী হলো না! অভিষেক-টভিষেকের সীমানা ছাড়িয়ে আশরাফুল টেস্ট ইতিহাসেই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড করে ফেললেন। সেই আশরাফুলের কথা উঠলে এখন বোধ হয় কারও আর সেই রেকর্ডের কথা প্রথম মনে পড়ে না।
ওই ছয়জনের মধ্যে একমাত্র বীরেন্দর শেবাগের ক্ষেত্রেই প্রভাত দিনের সঠিক পূর্বাভাস দিয়েছে। ও হ্যাঁ, ঘুমপাড়ানিয়া ব্যাটিংয়ের সঙ্গে যতই সমার্থক হয়ে গিয়ে থাকুন না কেন, সামারাবীরার ক্যারিয়ারকেও সফলই বলতে হবে। পরে অভিষিক্ত হয়েও সামারাবীরা ৮১টি টেস্ট খেলেছেন, শেবাগ ১০৪টি, আর মাসাকাদজা কি না খেলছেন ২৮ নম্বর টেস্ট! লু ভিনসেন্টের ক্যারিয়ার অবশ্য এর চেয়েও চার টেস্ট কম খেলে শেষ হয়ে গেছে। অ্যান্ডি গানটৌমি ও রডনি রেডমন্ডের ঘটনা জানা থাকলে অবশ্য আপনি বলতে পারেন, এ আর বলার মতো কি! গানটৌমি-রেডমন্ড তো অভিষেকে সেঞ্চুরি করেও আর টেস্ট খেলারই সুযোগ পাননি।
...
লেখাটা এখানেই শেষ করে দিতে গিয়ে মনে হলো, যে মাঠে বসে লিখছি, তাতে শেষটা আবুল হাসানকে দিয়েই করা উচিত। এই মাঠে এর আগে একটাই টেস্ট আর তাতে তাঁর অভিষেকে সেঞ্চুরি। সেটিও ১০ নম্বরে নেমে! চোটআঘাতের দুঃখ বুকে চেপে আবুল হাসান কি এই টেস্টটা আদৌ দেখছেন?